বাংলাদেশ

শেখ হাসিনার ফেরার ঘোষণায় অস্থির বাংলাদেশ, গুরুত্বের সাথে নিল ঢাকা

  • 10:03 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
২০২৪ সালে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনা। ক্ষমতায় থাকাকালে তিনি ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বারবার ফিরে আসার অঙ্গীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার সম্ভাব্য তারিখও ঘোষণা করেছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। এমনকি কীভাবে দেশে ফিরবেন, সে পরিকল্পনার কথাও জানিয়েছেন তাঁর সহযোগীরা।

আগে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে গুরুত্ব না দিলেও এবার তাঁর সর্বশেষ ঘোষণাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ঢাকার অন্তর্বর্তী প্রশাসন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ১৫ বছরের শাসনের অবসান ঘটলে ভারতে পালিয়ে যান ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। তাঁর মুখপাত্র জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের স্মারক বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠিত এ বিচারপ্রক্রিয়া নিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের প্রশ্নও উঠেছে। এদিকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তাঁর দল আওয়ামী লীগকে। জাতিসংঘের হিসাবে, ছাত্র-জনতার আন্দোলনে সময় নিরাপত্তা বাহিনীর হাতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সরকার বলেছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে এবং আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

শেখ হাসিনা এখন দিল্লি থেকে দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে একটি বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে কিংবা স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার বিকল্পও রয়েছে তাঁর সামনে।

শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে বলেন, ‘তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।’

ভারত ও বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের মধ্য দিয়ে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। আরিনের দাবি, শেখ হাসিনার সমর্থকেরা সীমান্ত পার হওয়ার জন্য সম্ভাব্য নয়টি পথ চিহ্নিত করেছেন।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত চিন্তাভাবনা করে তৈরি করা সুনির্দিষ্ট পরিকল্পনা। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।’

তবে ঢাকার অবস্থান কঠোর। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাস্তবতা আর আকাঙ্ক্ষা এক বিষয় নয়। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।’

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া’ অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি আলাদা বিষয় বলে জানিয়েছে নয়াদিল্লি।

দেশে ফেরার ঘোষণা কি রাজনৈতিক কৌশল?

ঢাকার অনেকের ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবল দেশে ফেরার প্রতিশ্রুতি নয়। বরং এর মাধ্যমে তিনি বর্তমান সরকারের কর্তৃত্বের পরীক্ষা নিতে, আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ফিরতে এবং তাঁকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে একজোট হওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান বিভাজনকে কাজে লাগাতে চাইছেন।

এ ঘোষণার ফলে সাবেক এক মিত্রকে আশ্রয় দিয়ে ভারতের যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে, তা আরও জটিল হয়ে উঠতে পারে।

১৬ ডিসেম্বর তারিখটি বেছে নেওয়ার পেছনেও বিশেষ তাৎপর্য রয়েছে। বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসে নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁর সহযোগীদের দাবি, নির্বাসনে থেকেও আওয়ামী লীগকে সক্রিয় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

আবু ওবায়দা আরিন জানান, টেলিগ্রামের মাধ্যমে অডিও বৈঠকে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। এর মাধ্যমে নির্বাসনে থেকেও দলের সাংগঠনিক নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা করছেন তিনি।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ১৫ বছরের শাসনের অবসান ঘটলে দিল্লিতে অবস্থান নেন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আরিনের ভাষ্য, গত ১৮ মাসে শেখ হাসিনা এ ধরনের ৩০০টির বেশি বৈঠক করেছেন। দেশের ৬৪ জেলা এবং ৩০০টি সংসদীয় আসনের নেতা-কর্মীদের সঙ্গে এসব বৈঠকে যোগাযোগ হয়েছে। আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে বৈঠকগুলো আয়োজন করা হয়। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে।

এসব বৈঠকে দলের নেতা-কর্মীদের কথা শোনেন শেখ হাসিনা, তাঁদের অভিযোগ ও ক্ষোভের বিষয়গুলো জানেন এবং মাঠপর্যায়ের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন বলে জানান আরিন।

তিনি দাবি করেন, শেখ হাসিনাকে স্বাগত জানাতে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত পাঁচ লাখ মানুষকে সংগঠিত করার সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। এ জন্য সড়কজুড়ে মানববন্ধন গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

আরিন বলেন, ‘এটি বাস্তবায়নের সাংগঠনিক সক্ষমতা আমাদের রয়েছে।’

তবে তাঁর এ দাবি উচ্চাভিলাষী বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। আওয়ামী লীগ এখনো লাখ লাখ সমর্থকের একটি বড় রাজনৈতিক দল হলেও বাংলাদেশে দলটি নিষিদ্ধ এবং মূলধারার রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। দলটির অনেক শীর্ষ নেতা দেশের বাইরে, কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। পুলিশ দলের সমর্থকদের গ্রেপ্তার করেছে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে।

তবে এরপরও আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে এসব আকস্মিক বিক্ষোভের সংখ্যা ও সংঘাতের মাত্রা বেড়েছে।

দেশের বিভিন্ন জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনার কিছু ক্ষেত্রে দায় কার, তা নিয়ে বিতর্ক রয়েছে।

শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থকেরা থানা ও পুলিশের স্থাপনায় হামলা চালিয়েছেন, যানবাহনে আগুন দিয়েছেন এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের বাড়িঘর ও কার্যালয় লক্ষ্য করে হামলা করেছেন। কোথাও কোথাও গাছ কেটে এবং টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করা হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আরও হামলার আশঙ্কায় কিছু এলাকায় পুলিশকেও পিছু হটতে হয়েছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (অ্যাকলেড) তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় অংশ নিয়েছেন।

ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবেশী দেশ ভারতে এখনো সফর করেননি তারেক রহমান। ছবি: সংগৃহীত

সংস্থাটির হিসাবে, চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জন সরাসরি চলমান অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার শিকার।

তবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার সক্ষমতা থাকলেই আওয়ামী লীগের ব্যাপক পুনরুত্থান ঘটেছে, এমনটা মনে করার কারণ নেই।

ঢাকার অনেকেই এখনো সন্দিহান, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কি না। তাঁদের ধারণা, হতাশ হয়ে পড়া দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

তবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ একটি বিষয় অর্জন করেছে। দলটি আবারও আলোচনায় ফিরেছে। শেখ হাসিনার পতনের পরপরই দলটির নাম প্রকাশ্যে উচ্চারণ করাও অনেকের কাছে স্পর্শকাতর বিষয় ছিল। এখন দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদার সম্পাদক এবং মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যের মধ্যে ফাটলকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ।

বিবিসিকে তিনি বলেন, জুলাই সনদ, প্রস্তাবিত সংবিধান সংস্কার এবং গণভোট নিয়ে মতপার্থক্যের কারণে নির্বাচিত বিএনপি সরকার এবং তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে বিভাজন বেড়েছে।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ এখানে একটি সুযোগ দেখছে। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন এবং দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে দলটি রাজপথে নামার উপযুক্ত সময় বলে মনে করছে।’

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের বিভিন্ন স্থানে আকস্মিক বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা। ছবি: সংগৃহীত

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা দেশে ফিরলে তা তাঁর দলের রাজনৈতিক অবস্থান পুনরুজ্জীবিত করার পরিবর্তে রাজনৈতিক বিরোধ আরও বাড়িয়ে দিতে পারে।

সরকার সাম্প্রতিক বিচ্ছিন্ন সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকেরা তাঁদের কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলেছেন।

বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দল ও তার সমর্থকদের রাজনীতির বাইরে রেখে বাংলাদেশ নতুন করে অস্থিতিশীলতা তৈরি না করে কত দিন এগোতে পারবে।

শেখ হাসিনাকে নিয়ে বিপাকে ভারত

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

দিল্লিতে অবস্থান করলেও শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা। বাংলাদেশ সরকার তাঁকে ফেরত চায়। অন্যদিকে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ভারত। তবে দুই দেশের সম্পর্ক এখনো টানাপোড়েনের মধ্যেই রয়েছে।

সম্পর্কের শীতলতার বিষয়টি স্পষ্ট হয়েছে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের প্রায় ১০ মাস পার হলেও তাঁর ভারত সফর না করার ঘটনায়।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টে তাঁর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বড় ধাক্কা খায়।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর সৃষ্ট অস্থিরতার মধ্যে ১৭ নভেম্বর গোপালগঞ্জে একটি থানায় আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত

লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার সর্বশেষ ঘোষণা পরিস্থিতিতে একটি পরিবর্তন এনেছে। তাঁর ভাষায়, এতে সিদ্ধান্ত নেওয়ার দায় দিল্লির পরিবর্তে ঢাকার ওপর গিয়ে পড়েছে।

পালিওয়াল বলেন, গত ১০ মাসে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে বলে মনে করে নয়াদিল্লি। মন্ত্রিসভার মর্যাদাসম্পন্ন একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া থেকে শুরু করে নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে নতুন আলোচনার প্রস্তাবও দিয়েছে ভারত।

তবে এসব উদ্যোগের পরও সম্পর্কের উন্নতি না হওয়ায় ঢাকার প্রতি হতাশ হয়েছে দিল্লি বলে মনে করেন তিনি।

পালিওয়ালের ভাষ্য, ভারত এখন মনে করছে, তারা যা-ই করুক না কেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তেজনাপূর্ণই থাকবে। ফলে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া থেকে বিরত রাখার তেমন কারণ দেখছে না নয়াদিল্লি।

আওয়ামী লীগের কথিত সহিংসতার প্রতিবাদে ২৪ নভেম্বর ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

ভারত চাইলে দেশটির ভূখণ্ডে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া নিয়ন্ত্রণ করতে পারে। তবে নয়াদিল্লি সে ক্ষমতা প্রয়োগ করতে আগ্রহী নাও হতে পারে বলে মনে করেন পালিওয়াল।

তাঁর মতে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাদ দেওয়াও ভারতের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, ‘দলটি এখনো বাংলাদেশের বিভিন্ন এলাকায় সমর্থন ভোগ করে এবং দেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তাই আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং রাজনৈতিক সমঝোতার পথে এগোনো ভারতের স্বার্থের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্যও গুরুত্বপূর্ণ।’

তবে ঢাকায় এ মত ক্রমেই বিতর্কের মুখে পড়ছে।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে এমন ধারণা রয়েছে যে ভারত আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। শেখ হাসিনার প্রত্যর্পণসহ বেশ কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে এমন ট্রানজিট সুবিধা ভারত নবায়ন করেনি। একই সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার শাহবাগ এলাকায় টহল ও মহড়া দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: সংগৃহীত

শফিকুল আলম প্রশ্ন রাখেন, বাংলাদেশের মানুষের আস্থা ফিরে পেতে ভারত কি যথেষ্ট পদক্ষেপ নিয়েছে?

তিনি বলেন, ‘এ মুহূর্তে শুধু পর্যটন ও চিকিৎসা ভিসা চালু হয়েছে। অন্য সব বিষয় এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’

ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই দেশ এখন ‘পারস্পরিক হতাশার’ পরিস্থিতিতে আটকে আছে।

তাঁর মতে, এই অচলাবস্থার কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘শেখ হাসিনা এখনো ঘরের মধ্যে থাকা হাতির মতো একটি বিষয়। তবে তাঁকে পাশ কাটিয়ে সামনে এগোনোর পথও আমাদের খুঁজে বের করতে হবে।’

পালিওয়ালের মতে, ভারতের জন্য সবচেয়ে কম ক্ষতিকর পরিস্থিতি হতে পারে শেখ হাসিনার দেশে ফিরে নতুন করে বিচারের মুখোমুখি হওয়া এবং আওয়ামী লীগকে নতুন নেতৃত্বের অধীনে রাজনীতিতে পুনর্বাসন করা।

তিনি বলেন, ‘এতে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা ভারসাম্য ফিরে আসবে। একই সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ ও অবস্থান সুরক্ষার সুযোগ তৈরি হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে শেখ হাসিনার একটি দেয়ালচিত্রের পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর ঘিরে বাড়ছে উদ্বেগ

এ মুহূর্তে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত নয়। তবে তাঁর ঘোষণার মধ্য দিয়ে দেশে ফেরার প্রশ্নটি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা ঢাকা কিংবা দিল্লি কেউই আর উপেক্ষা করতে পারছে না।

ঢাকাভিত্তিক ওই পররাষ্ট্রনীতি বিশ্লেষক বলেন, ‘ডিসেম্বর বিশৃঙ্খল হতে পারে। ঢাকার সবাই এখন উদ্বেগের মধ্যে রয়েছেন।’

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের তারিখ যত ঘনিয়ে আসবে, ততই বিক্ষোভ ও সংঘাতের আশঙ্কা বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁর দেশে ফেরার পরিকল্পনা আবারও পিছিয়ে যেতে পারে বলেও মনে করছেন তিনি।

অ্যাকলেডের দক্ষিণ এশিয়া বিশ্লেষক পার্ল পান্ডিয়া বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। কারণ, দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তবে তাঁর বক্তব্য যে সমর্থকদের উজ্জীবিত করেছে, তা স্পষ্ট।’

শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া এই অচলাবস্থা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককেও আরও জটিল করে তুলছে।

অবিনাশ পালিওয়ালের মতে, ‘গুরুত্বপূর্ণ পরবর্তী আলোচনার সুযোগ তৈরি হবে তখনই, যখন শেখ হাসিনা ঢাকায় ফিরবেন অথবা চাপের মুখে ঢাকা অবস্থান পরিবর্তন করে আলোচনার টেবিলে ফিরে আসবে।’

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি

খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…

ধারের টাকা চাইতেই হবিগঞ্জের কলেজ শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ

ওটিএন বাংলা রিপোর্ট :  হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র…

‘সীমান্তের কোনো এক গোপালগঞ্জ দিয়ে ফিরবেন হাসিনা, বাধা দেওয়ার সাহস দেখাবে না প্রশাসন’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে বিমানপথের পাশাপাশি স্থলসীমান্তের একাধিক বিকল্প বিবেচনা করছে আওয়ামী লীগ। দলটির…

পোশাকবাজারে অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে আন্তর্জাতিক পোশাকবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের তৈরি…

পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থাপনা লক্ষ্য…

পাঁচ হাজার নয়, টুঙ্গিপাড়ায় সহিংসতা মামলায় ১৩ হাজার আসামি

ওটিএন বাংলা রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মামলায় ১৩ হাজার ৩৪ জনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au