বাংলাদেশ

৯০ প্লাটুন থেকে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে

  • 11:28 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট :

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এক সপ্তাহের ব্যবধানে বিজিবি মোতায়েন বাড়ানো হয়েছে ২৩ প্লাটুন। ২১ নভেম্বর সাত জেলায় ৯০ প্লাটুন মোতায়েন করা হলেও শুক্রবার (২৭ নভেম্বর) ছয় জেলায় দায়িত্ব পালন করছেন ১১৩ প্লাটুন বিজিবি সদস্য। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর এই বাড়তি উপস্থিতি পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে। তাই জনমনে প্রশ্ন উঠছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮, নারায়ণগঞ্জে ৭, গাজীপুরে ১৮, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ৭ প্লাটুন রয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন।

এক সপ্তাহে বেড়েছে ২৩ প্লাটুন

গত ২১ নভেম্বর ঢাকা মহানগরীসহ সাত জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। তখন ঢাকা জেলায় ১৮, ঢাকা মহানগরীতে ৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে ২, ফরিদপুরে ৫ এবং কক্সবাজারে ৬ প্লাটুন দায়িত্ব পালন করছিল।

ছয় দিন পর মোতায়েনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ প্লাটুনে। বিশেষ করে গোপালগঞ্জে বিজিবি সদস্যের সংখ্যা ২৯ থেকে বেড়ে ৫৬ প্লাটুন হয়েছে। গাজীপুরেও ১৫ থেকে ১৮ এবং নারায়ণগঞ্জে ৬ থেকে ৭ প্লাটুন করা হয়েছে। তবে নতুন মোতায়েন তালিকায় ময়মনসিংহ ও ফরিদপুরের নাম নেই।

বিজিবি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমস্থলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গোপালগঞ্জে বাড়তি নজরদারি

বিজিবি মোতায়েন বৃদ্ধির পাশাপাশি গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোও পরিস্থিতির গুরুত্ব বাড়িয়েছে। টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য জানান। এদিকে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন পরিস্থিতির ওপর বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সীমান্ত নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গত ২২ নভেম্বর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছিলেন, ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা প্রস্তুতি কতটা কার্যকর

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। অর্থাৎ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার পাশাপাশি সীমান্ত নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মানবাধিকার কর্মী আইরিন খান বলেন, শুধু বাহিনী মোতায়েন বাড়িয়ে পরিস্থিতির স্থায়ী উন্নতি সম্ভব নয়। একের পর এক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার পরও আগাম প্রতিরোধে ঘাটতি থাকলে বাড়তি নিরাপত্তা প্রস্তুতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। কোথায় কী ধরনের ঝুঁকি রয়েছে, সে অনুযায়ী গোয়েন্দা তথ্য ও সমন্বিত পরিকল্পনা জরুরি।

একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া এবং নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিও গুরুত্বপূর্ণ।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি

খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…

ধারের টাকা চাইতেই হবিগঞ্জের কলেজ শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ

ওটিএন বাংলা রিপোর্ট :  হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র…

‘সীমান্তের কোনো এক গোপালগঞ্জ দিয়ে ফিরবেন হাসিনা, বাধা দেওয়ার সাহস দেখাবে না প্রশাসন’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে বিমানপথের পাশাপাশি স্থলসীমান্তের একাধিক বিকল্প বিবেচনা করছে আওয়ামী লীগ। দলটির…

পোশাকবাজারে অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে আন্তর্জাতিক পোশাকবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের তৈরি…

পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থাপনা লক্ষ্য…

পাঁচ হাজার নয়, টুঙ্গিপাড়ায় সহিংসতা মামলায় ১৩ হাজার আসামি

ওটিএন বাংলা রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মামলায় ১৩ হাজার ৩৪ জনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au