চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর ২০২৭ আইপিএল সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) ৩৯ বছর বয়সী এই তারকাকে অধিনায়ক ঘোষণা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি।
এর মধ্য দিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে রোহিতের। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার নেতৃত্বেই পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছিল দলটি। ২০২৪ আসরের আগে গুজরাট টাইটান্স থেকে মুম্বাইয়ে যোগ দেওয়া হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হলে নেতৃত্ব ছাড়তে হয় রোহিতকে।
আসন্ন আইপিএলের আগে হার্দিককে পাঞ্জাব কিংসের কাছে ছেড়ে দেয় মুম্বাই। বিনিময়ে দলে আসে আর্শদীপ সিং। হার্দিকের বিদায়ের পর অধিনায়কের পদটি শূন্য হয়ে পড়ে। শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতের ওপরই আবার আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৩ সালের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ের নেতৃত্ব পান রোহিত। দায়িত্ব পাওয়ার বছরই দলকে প্রথম আইপিএল শিরোপা এনে দেন তিনি। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আরও চারবার চ্যাম্পিয়ন হয় মুম্বাই।
অধিনায়ক হিসেবে আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে জয় ৯১টি, হার ৬৮টি এবং টাই হয়েছে চারটি ম্যাচ। শুধু আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ১৫৮ ম্যাচে ৮৭ জয় ও ৬৭ হারের রেকর্ড রয়েছে তার। জয়ের হার ৫৫.০৬ শতাংশ।
তবে রোহিতের নেতৃত্বের শেষ দিকে মুম্বাইয়ের পারফরম্যান্সে ভাটা পড়ে। ২০২১ সালে পঞ্চম, ২০২২ সালে দশম এবং ২০২৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নেয় দলটি। এরপর নেতৃত্বে পরিবর্তন আনে ম্যানেজমেন্ট।
কিন্তু হার্দিকের নেতৃত্বেও প্রত্যাশা পূরণ করতে পারেনি মুম্বাই। ২০২৪ ও ২০২৬ সালে দলটি যথাক্রমে দশম ও নবম স্থানে থেকে আসর শেষ করে। মাঝের মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত গেলেও ফাইনালে ওঠা হয়নি তাদের।
নতুন করে অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিত। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার জীবনের বড় একটি অংশ মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলকে নেতৃত্ব দেওয়া সবসময় গর্বের বিষয়। আমরা কী অর্জন করতে পারি, সে বিষয়ে আমার অটুট বিশ্বাস রয়েছে। আমাদের খেলার নিজস্ব ধরন ও পরিচয় ধরে রেখে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব এবং খেলাটি উপভোগ করব।’
দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পেয়ে মুম্বাইকে আবারও শিরোপার পথে ফেরাতে পারবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au