চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
ওটিএন বাংলা রিপোর্ট :
ফেনীর ফুলগাজীতে শ্যামা কালী মন্দিরের গেট ও তালা ভেঙে প্রতিমার স্বর্ণ ও রুপার অলংকারসহ বিভিন্ন সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের কিসমত বাসুড়া এলাকার মন্দিরটিতে এ ঘটনা ঘটে। মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা। একই রাতে পাশের একটি শীতলা মন্দিরসহ কয়েকটি স্থানে তালা ভাঙার চেষ্টার ঘটনাও ঘটেছে।
মন্দিরের দায়িত্বে থাকা রাজীব চন্দ্র দাস জানান, সকাল ৭টার দিকে পুরোহিত ও স্থানীয় লোকজন মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে প্রতিমার শরীরে থাকা অলংকারসহ বিভিন্ন সামগ্রী চুরি হওয়ার বিষয়টি জানা যায়। প্রতিমার শরীর থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপার অলংকার খুলে নেওয়া হয়েছে। এ ছাড়া দানবাক্সের নগদ টাকা এবং কাঁসা-পিতলের সামগ্রীও নিয়ে গেছে চোরেরা।
তিনি জানান, ঘূর্ণিঝড়ে মন্দিরের সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় চুরির কোনো ফুটেজ পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, ফুলগাজীর কোনো মন্দিরে এ ধরনের চুরির ঘটনা আগে ঘটেনি। একই রাতে পাশের শীতলা মন্দিরসহ আরও কয়েকটি স্থানে তালা ভাঙার চেষ্টা হওয়ায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মন্দির ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা।
ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের থানায় ডাকা হয়েছে। চুরির ঘটনায় মাদকাসক্ত ব্যক্তি কিংবা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মন্দির থেকে রুপার অলংকার ও প্রতিমায় থাকা স্বর্ণের চেইন চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গত বুধবার (২৫ নভেম্বর) খাগড়াছড়ির মানিকছড়িতেও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। রাতে উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়ার বাসুদেব স্বরূপ গীতা আশ্রম মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরি হয়। মন্দির পরিচালনা কমিটির দাবি, চুরি হওয়া সামগ্রীর মূল্য পাঁচ লাখ টাকার বেশি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au