বাংলাদেশ

বাংলাদেশের দুই সীমান্ত দিয়ে আরও ৬০ জনকে পুশইন করেছে বিএসএফ

  • 7:01 am - May 15, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। ছবি: সমকাল

মেলবোর্ন, ১৫ মে— বাংলাদেশের মৌলভীবাজার ও সিলেট সীমান্ত দিয়ে বুধবার নতুন করে ৬০ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৪৪ জনকে ঠেলে পাঠানো হয়েছে। বুধবার ভোরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়েছে। এর আগে ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, আজ আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। আটকরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।

বিজিবি ৫২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। এদিন সকালে তাদের আটক করেছে বিজিবি। নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে তারা চুয়াডাঙ্গা ও নীলফামারীর বাসিন্দা বলে জানা গেছে। আটকদের মধ্যে আট পুরুষ, ছয় নারী ও দুই শিশু রয়েছেন। আজ সন্ধ্যা পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, তারা ৮-১০ বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

অন্যদিকে, অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরীতে বিজিবির বিওপি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এ সময় সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির বলেন, কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া আছে, সেখান থেকেও কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এদিন দুপুরে ধর্মগড় বিওপির সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, শাহানাবাদ গ্রামের চার বাংলাদেশি সীমান্তে ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা তাদের আটকানোর চেষ্টা করে। তিনজন দ্রুত পালিয়ে আসে। একজনকে আটক করে বিএসএফ। আটক আজিজুর রহমান শাহানাবাদ গ্রামের মরতুজার ছেলে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‘আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, পতাকা বৈঠকের মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে।’ —সূত্র: সমকাল

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au