মেলবোর্ন ১৬ মে- দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চের উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মেসি। ওই দুটি ম্যাচ জয়ের পথে মূলপর্বের টিকেট নিশ্চিত করে ফেলে বিশ্বকাপ জয়ীরা।
সেবার প্রাথমিক দলে থাকলেও, ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ায় মেসিকে ছাড়াই মূল দল দিয়েছিলেন স্কালোনি। রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীর সঙ্গে এবার দলে আরও ফিরেছেন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
তবে ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
লম্বা সময় পর দলে ফিরেছেন নিকোলাস দমিনগেস। নটিংহ্যাম ফরেস্টের এই সেন্ট্রাল মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ১১ ম্যাচের সবশেষটি খেলেছেন ২০২১ সালে। লেফট-ব্যাক ভালেন্তিন বার্কোও ফিরেছেন। ২০ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের মার্চে।
গত মার্চে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জয়ের পর ঘরের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে গুঁড়িয়ে দেয় আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওই ম্যাচে মাঠে নামার আগেই তাদের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যায় উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া পয়েন্ট হারানোর ফলে।
পরবর্তী লড়াইয়ে আগামী ৫ জুন চিলির মাঠে খেলার পর ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া। ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার নিচে চিলি।