তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২২ জুন— মধ্যপ্রাচ্যে একের পর এক দেশের ওপর হামলা এবং নিরীহ সাধারণ মানুষের হত্যাকাণ্ডের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সম্মেলনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলাকে বেআইনি ও আগ্রাসী হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।”
তৌহিদ হোসেন সতর্ক করে বলেন, “ইসরায়েলের এই বেপরোয়া কর্মকাণ্ড শুধু এই অঞ্চলেই নয়, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।”
তিনি অবিলম্বে এ ধরনের উসকানিমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানান এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক উপায়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধেরও আহ্বান জানান তিনি। বলেন, “আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ওআইসিকে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে। আমাদের সংহতি কৌশলগত এবং টেকসই পদক্ষেপে রূপান্তরিত করা এখন সময়ের দাবি।”

ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া গাজায় ত্রাণের জন্য ক্ষুতার্ধ মানুষের যুদ্ধ। ছবি: আল-জাজিরা
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা ওআইসির আইনি সহায়তা এবং দশ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় রোহিঙ্গা সংকটকে কৌশলগত অগ্রাধিকার দেওয়ায় সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি আইসিজেতে চলমান মামলায় অর্থায়নের জন্য ওআইসির সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে মুসলিম বিশ্বে ইসলামভীতি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মোকাবিলায় আরও সক্রিয় ও ব্যাপক ভূমিকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “গ্লোবাল ও রিজিওনাল চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসির প্রাতিষ্ঠানিক কাঠামো, জবাবদিহিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে।”
সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বিকালে ইরানের ওপর ইসরায়েলি হামলা ইস্যুতে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হয়।