জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে এক দিনের ব্যবধানে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সম্রাট নামের একজন এনসিপি কর্মীসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় দলটির সদস্যসচিব আখতার হোসেন অফিসের নিচে দাঁড়িয়ে ছিলেন।
সোমবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আহতরা হলেন ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম।
এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন এনসিপি নেতারা।
গতকাল (রোববার) দুপুরেও এনসিপি অফিসের সামনে ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনায় কেউ আহত হননি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এবং মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে সেজন্য সাধারণ মানুষকে ভয় ও আতংক তৈরির জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে”