মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে ঢাকা থেকে এসব দেশে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২৩ জুন) মধ্যরাতে চার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ঘোষণায় জানানো হয়, “নাগরিক ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগমন ও বহির্গমন— উভয় ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও রাতেই এক বিবৃতিতে জানায়, ঢাকা থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী সব ফ্লাইট আপাতত বাতিল করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ারসহ একাধিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন। পরিস্থিতির আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পরপরই ওই চার দেশ আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।