মেলবোর্ন ২৭ জুন
জমকালো আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পালন করেছে টেস্ট ক্রিকেটে ২৫ বছরের রজতজয়ন্তী। ঢাকার মিরপুরে এক বিশেষ অনুষ্ঠানে অভিষেক টেস্টে অংশ নেয়া ক্রিকেটারদের দেওয়া হয়েছে সম্মাননা। উন্মোচন করা হয়েছে দেশের প্রথম টেস্ট অনার্স বোর্ড, যেখানে স্থান পেয়েছেন ১০৭ জন ক্রিকেটার। আর সেদিনের নায়কেরা ফিরে দেখেছেন নিজেদের সেই ঐতিহাসিক অভিষেক দিনের স্মৃতি।
কালো ব্লেজারে গাঁয়ে চাপিয়ে গর্বিত অভিষেক টেস্টের ক্রিকেটাররা। বুক পকেটে খচিত ২৫ বছরের স্মৃতি। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তীতে মিরপুরে ফিরলেন সেইসব নায়ক , যাদের হাত ধরেই শুরু হয়েছিল দেশের লাল-সবুজ জার্সির সাদা পৃষ্ঠায় পথচলা।.
নাম ধরে ডাকা হলো একে একে। ক্রেস্ট আর ফুল তুলে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশে দাঁড়িয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি সেই প্রথম টেস্টের অধিনায়কও। সেই মঞ্চেই ক্রিকেটারদের কণ্ঠে উঠে আসে সেসময়কার স্মৃতি। এসময় সবাইকে নিয়ে কেক কাটেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।
যদিও এই ২৫ বছরে ২৫টি টেস্ট ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। তবে আশার কথা শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। জানিয়েছেন সারাদিন টেস্ট ক্রিকেট নিয়ে অনেক হতাশার গল্প দেখলাম মিডিয়াতে। তবে ভালো কিছু দিকও কিন্তু আছে। যারা ২৫ বছর ধরে টেস্ট খেলেছে সেই হিসাব করলে বাংলাদেশ ৪ নম্বরে রয়েছে। আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটটা সারা দেশে ছড়িয়ে দেয়া। যেসব স্কুলে ক্রিকেট খেলা হয় এমন ১০০ জায়গায় আমরা টার্ফের উইকেট দিবো।
এছাড়াও উদ্বোধন করা হয় প্রথমবারের মতো টেস্ট অনার বোর্ড, যেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের ১০৭ জন টেস্ট ক্রিকেটার। রজতজয়ন্তীর দিনে এ যেন ইতিহাসের প্রতি এক নিঃশব্দ সম্মান।