ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
মেলবোর্ন, ২৯ জুন—বিএনপিকে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কে দিয়েছে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি এ প্রশ্ন রাখেন।
ফয়জুল করিম বলেন, “বিএনপি বলছে তারা সরকারে গিয়ে রাষ্ট্র সংস্কার করবে। কিন্তু প্রশ্ন হলো আগামীতে তাদের ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কে দিয়েছে? তারা ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত ক্ষমতায় থেকেও সংস্কার করতে পারেনি। ২০০১ সালে ক্ষমতায় এসেও ঘোষিত ইশতেহারের ১০ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি। তাহলে জনগণ কীভাবে তাদের বিশ্বাস করবে?”
বিএনপিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, “তারা ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করেছে, তার ফলেই পরে ক্ষমতায় ফিরতে পারেনি। বাংলাদেশের জনগণ আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা দখলবাজকে ক্ষমতায় দেখতে চায় না।”
মহাসমাবেশ শুরু হয় সকাল ১০ টায়, কোরাআন তিলাওয়াতের মধ্য দিয়ে। এতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংস্কার, বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
বিএনপির উদ্দেশে ফয়জুল করিম বলেন, “আপনারা যদি সত্যিই জাতীয় সরকার গঠন করতে চান, তাহলে সংখ্যানুপাতিক নির্বাচন প্রদ্ধতি মেনে নিন। কারণ জাতীয় সরকার গঠনের সর্বোত্তম পথ হলো সংখ্যানুপাতিক নির্বাচন যেখানে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।”
“সংখ্যানুপাতিক নির্বাচন আমরা চাই। কিন্তু বিএনপি কেন মানছে না। বিএনপি তো দাবি করেছে জাতীয় সরকার গঠন করবে। এটা বিএনপির দাবি।”
মহাসমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়ে অন্যান্য দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোটসহ আরও কয়েকটি দলের শীর্ষ নেতারা।