ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকায় পাওয়া যাবে। আজ মঙ্গলবার (১ জুলাই) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিএবি জানিয়েছে, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস প্যাকেজ দিচ্ছে না। বাস্তবে গড়ে ১০ এমবিপিএস স্পিডই দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী, ৫০০ টাকা থেকে নতুন প্যাকেজ চালু করা হয়েছে।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “ইন্টারনেট সেবার মান আরও উন্নত করতে চাই। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) এবং রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে নেয়, তাহলে গ্রাহকদের জন্য ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী ২০ এমবিপিএস স্পিড দেওয়া সম্ভব হবে।”
তিনি আরও বলেন, বেশির ভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট দিতে চান না। অথচ আইএসপিগুলো সেই ভ্যাট আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়।
এ সিদ্ধান্তের ফলে দেশের ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।