ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’
মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…
মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- মেক্সিকোর আটলাকোমুলকো শহরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ডাবল-ডেকার বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও অন্তত ৪১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন বলে নিশ্চিত করেছে অ্যাটর্নি জেনারেলস অফিস। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার সকাল ৭টার কিছু আগে, রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত শিল্পাঞ্চল আটলাকোমুলকোতে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ডাবল-ডেকার বাসটি ট্রেনলাইন অতিক্রম করার সময় রাস্তার যানজটে আটকে পড়েছিল। ঠিক তখনই দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রেন বাসটির মাঝ বরাবর আঘাত করলে সেটি মুহূর্তের মধ্যে দুইভাগে বিভক্ত হয়ে যায়। ট্রেনের ধাক্কায় বাসটির একটি অংশ রেললাইনের সঙ্গে বেশ দূর টেনে নিয়ে যায়, আর অপর অংশটি লাইনের পাশে থেমে যায়।
স্থানীয় বাসিন্দা মিগুয়েল সানচেজ ভয়াবহ মুহূর্তটির কথা বর্ণনা করে বলেন, “আমরা ট্রেনের হুইসেল শুনেছিলাম। তারপরই প্রচণ্ড শব্দ হয়। প্রথমে মনে হয়েছিল কোনো সাধারণ গাড়ির দুর্ঘটনা। কিন্তু পরে বুঝতে পারি এটি একটি যাত্রীবাহী বাস, যার ভেতরে অনেক মানুষ ছিল।”
দুর্ঘটনার পরপরই স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি ছিল হেরাডুরা দে প্লাতা নামের একটি যাত্রী পরিবহন কোম্পানির মালিকানাধীন। সংঘর্ষে বাসটির ওপরের ছাদ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এদিকে ট্রেন পরিচালনাকারী কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি অব মেক্সিকো দুর্ঘটনার সত্যতা স্বীকার করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করছেন। একই সঙ্গে তারা লেভেল ক্রসিংয়ে সড়ক ব্যবহারকারীদের সাইন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
মেক্সিকোয় লেভেল ক্রসিং দুর্ঘটনার সংখ্যা প্রতি বছরই বাড়ছে। দেশটির রেল পরিবহন নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশজুড়ে এ ধরনের ৮০০টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ২০২০ সালে এ সংখ্যা ছিল ৬০২। কেবল গত মাসেই গুয়ানাজুয়াতো রাজ্যে এক ট্রেন দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটে। ২০১৯ সালে কেরেতারো রাজ্যে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান নয়জন।
এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ শনাক্তের কাজ চলছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
সূত্র : স্কাই নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au