অপারেশন সিঁদুরের পর ভারতে ব্যবসা হারিয়ে প্রায় ৪,৭০০ কোটি টাকা ক্ষতি
মেলবোর্ন, ১৮ জুন- ভারতের ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়ে দেশটিতে ব্যবসা পরিচালনার অনুমোদন হারিয়ে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতির…
মেলবোর্ন, ১২ সেপ্টেম্বর- বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকোর সরকারের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৫২ রাজনৈতিক বন্দি। যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা ও চাপের পর এ মুক্তি সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেডা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নাউসেডা লিখেছেন— “আজ ৫২ বন্দি নিরাপদে বেলারুশ থেকে লিথুয়ানিয়ার সীমান্ত অতিক্রম করেছেন। এ মুক্তির পেছনে ওয়াশিংটন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”
বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা জানিয়েছে, মুক্ত হওয়া ৫২ জনের মধ্যে ১৪ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে ছয়জন লিথুয়ানীয়, দুজন লাটভীয়, দুজন পোলিশ, দুজন জার্মান, একজন ফরাসি ও একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। নাউসেডা উল্লেখ করেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিরোধী নেতা, সাংবাদিক ও প্রতিবাদকারীরা। যদিও তাদের সবার নাম প্রকাশ করা হয়নি, তবে লিথুয়ানীয় নাগরিক এলেনা রামানাউস্কিয়েনের নাম নিশ্চিত করেছেন তিনি। রামানাউস্কিয়েনে গত বছর গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাগারে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি লুকাশেংকোর সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশেই বেলারুশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়া-এর ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের উপদেষ্টা জন কোল জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প তিনবার নির্দেশ দিয়েছেন বেলাভিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। ফলে স্টেট ডিপার্টমেন্ট, ট্রেজারি ও কমার্স ডিপার্টমেন্ট দ্রুত পদক্ষেপ নেয়।”
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট নাউসেডা বলেন, “আজকের এই মুক্তি গুরুত্বপূর্ণ হলেও বেলারুশের কারাগারে এখনো এক হাজারেরও বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন। তারা মুক্তি না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না।”
১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেংকোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি দমন ও স্বাধীন গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী নেতা, কর্মী, সাংবাদিকসহ হাজারো মানুষকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বছরের জুনে বেলারুশ সরকার আরও ১৪ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছিল। তাদের মধ্যে ছিলেন নির্বাসিত বিরোধী নেতা স্বেতলানা টিখানোভস্কায়ার স্বামী সারগেই টিখানোভস্কি।
আন্তর্জাতিক মহল বলছে, সর্বশেষ এই মুক্তি বেলারুশের প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কূটনৈতিক চাপেরই একটি ইতিবাচক ফলাফল। তবে এখনো যারা কারাগারে রয়েছেন, তাদের মুক্তির দাবিও জোরালো হচ্ছে।
সূত্রঃ এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au