সতর্কবার্তাটি অ্যাপে লগইনের সময় ১০ সেকেন্ড দেখানো হবে। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। সম্প্রতি অঙ্গরাজ্যের আইনসভায় পাস হওয়া একটি বিল অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে লগইন করার সময় ব্যবহারকারীদের সামনে সিগারেটের মতো সতর্কবার্তা প্রদর্শন করতে হবে।
‘এবি ৫৬’ (AB 56) নামের এই বিলে বলা হয়েছে, টিকটক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোতে কিশোর-কিশোরীরা যখন লগইন করবে, তখন তাদের সামনে ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেলের একটি সতর্কতামূলক বার্তা ভেসে উঠবে। সেই বার্তায় উল্লেখ থাকবে, “সোশ্যাল মিডিয়া শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য ও মঙ্গলবোধের ওপর গভীর ঝুঁকি সৃষ্টি করতে পারে।” লগইনের সময় বার্তাটি টানা দশ সেকেন্ড দেখানো হবে। আর কেউ যদি টানা তিন ঘণ্টার বেশি সময় অ্যাপ ব্যবহার করে, তবে পুনরায় ত্রিশ সেকেন্ডের জন্য সেই সতর্কবার্তা প্রদর্শিত হবে।
এখনো আইনটি কার্যকর হয়নি। আগামী ১৩ অক্টোবরের মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বিলটিতে স্বাক্ষর করবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন। গভর্নরের অনুমোদন মিললেই এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
বিলটি প্রস্তাব করেছিলেন ডেমোক্রেটিক পার্টির সান ফ্রান্সিসকো বে এরিয়ার অ্যাসেম্বলি সদস্য রেবেকা বাউয়ার-কাহান এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা। তাঁরা মনে করেন, তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট এখন এক বাস্তব ও গুরুতর সমস্যা, যা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এমন উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্য ইতিমধ্যে এ ধরনের পদক্ষেপ নিয়েছে। মিনেসোটা এ বছর জুলাইয়ে একটি আইন পাস করে, যেখানে সব বয়সী ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা বাধ্যতামূলক করা হয়। নিউইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোচুলও অনুরূপ আইন প্রণয়নের কথা বিবেচনা করছেন। এর আগে সাবেক সার্জন জেনারেল বিবেক মার্থি সোশ্যাল মিডিয়াকে সিগারেট, ভেজাল খাদ্য কিংবা বিপজ্জনক যানবাহনের মতো জরুরি স্বাস্থ্যঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছিলেন।
বিলের পক্ষে থাকা অনেক বিশেষজ্ঞের মতে, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার তরুণদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং দেহচিন্তার মতো সমস্যা বাড়িয়ে তুলছে। সরাসরি সতর্কবার্তা দেখানো হলে অন্তত ব্যবহারকারীরা ঝুঁকির বিষয়ে সচেতন হবেন। সহপ্রণেতা রব বোন্টা বলেন, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এ সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং তারা আসক্তিমূলক বৈশিষ্ট্য ধরে রেখে শুধুমাত্র মুনাফার জন্য কাজ করছে। সতর্কবার্তা সমস্যার পুরো সমাধান না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় সহায়তা করতে পারে।
তবে সমালোচকদের মতে, ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর রাজনৈতিক প্রভাব বরাবরই শক্তিশালী। ফলে আইন কার্যকর হলে তারা আদালতে এর বৈধতা চ্যালেঞ্জ করতে পারে। তবুও বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, যদি বিলটি কার্যকর হয় তবে এটি যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করবে।
সূত্র: ইন্ডিপেনডেন্ট ডট ইউকে