ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবিঃ রয়টার্স
মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী ক্ষোভ তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন, দীর্ঘ মেয়াদে ইসরায়েল কূটনৈতিকভাবে ‘একঘরে’ হয়ে পড়তে পারে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই বিচ্ছিন্নতা বছরের পর বছর স্থায়ী হতে পারে এবং তাই ইসরায়েলকে স্বনির্ভরতার পথে এগোতে হবে।
নেতানিয়াহুর মতে, বিদেশি বাণিজ্যের ওপর নির্ভরশীলতা কমানো এখন জরুরি। বিশেষ করে অস্ত্রশিল্পকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, “আমাদের অস্ত্রশিল্পকে উন্নত করতে হবে। আমরা হব এথেন্স ও স্পার্টার মিলিত রূপ। আগামী কয়েক বছরের জন্য অন্য কোনো বিকল্প নেই, কারণ আমাদের একঘরে করার চেষ্টা মোকাবিলা করতে হবে।”
গাজায় হামলা তীব্র করার কারণে ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক অঙ্গনে যে ক্ষোভ তৈরি হয়েছে, নেতানিয়াহুর বক্তব্যে সেটিরই স্বীকৃতি মিলেছে। এ ধরনের স্বীকারোক্তি তাঁর ক্ষেত্রে বিরল। ইতিমধ্যে ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন ও ইতালিসহ একাধিক দেশ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক বিধিনিষেধ আরোপ করেনি, তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে একবার অস্ত্র চালান বিলম্বিত করা হয়েছিল।
জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলছে, গাজায় অব্যাহত হামলা মৃত্যু ও ধ্বংসযজ্ঞ বাড়িয়ে তুলছে এবং ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। তবে তেল আবিব এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছে।
দীর্ঘদিন ধরে হাইটেক শিল্পের কারণে ইসরায়েলকে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিশালী অর্থনীতি হিসেবে বিবেচনা করা হলেও, চলমান যুদ্ধ ইতিমধ্যেই দেশটির অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এটি এখন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘ যুদ্ধ হিসেবে চিহ্নিত হচ্ছে।
দেশের ভেতরেও যুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট। জিম্মিদের পরিবার, সাধারণ মানুষ এমনকি সেনাবাহিনীর ভেতরের একটি অংশও যুদ্ধ আরও জোরদার করার বিপক্ষে মত দিচ্ছে। তাদের আশঙ্কা, এতে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে এবং মানবিক বিপর্যয় আরও বাড়বে।
বিরোধী দলের সমালোচনা
ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “বিচ্ছিন্নতা কোনো নিয়তি নয়, এটি নেতানিয়াহুর ব্যর্থ ও ত্রুটিপূর্ণ নীতির ফল।” তিনি নেতানিয়াহুকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে বলেন, সরকারের এই নীতিই দেশকে বিচ্ছিন্নতার পথে ঠেলে দিচ্ছে।
সুত্রঃ সিএনএন