মেলবোর্ন, ১৩ অক্টোবর- ফিলিস্তিনের গাজা শহরে হামাসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় প্রভাবশালী ‘দুঘমুশ’ পরিবারের সশস্ত্র সদস্যদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের জর্ডানিয়ান হাসপাতালের কাছে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এটি সম্প্রতি ইসরায়েলের বড় সামরিক অভিযানের পর গাজায় সংঘটিত সবচেয়ে সহিংস অভ্যন্তরীণ সংঘাতগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হামাসের নিরাপত্তা ইউনিটগুলো শহরের ভেতরে একটি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীকে ঘিরে ফেলে আটক করার চেষ্টা করে। এ সময় তীব্র লড়াই শুরু হয়। এতে হামাসের আট সদস্য ও দুঘমুশ পরিবারের ১৯ জন সশস্ত্র সদস্য নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার তেল আল-হাওয়া এলাকায় প্রায় ৩০০ জন হামাস যোদ্ধা দুঘমুশ পরিবার নিয়ন্ত্রিত একটি আবাসিক ব্লকে অভিযান চালালে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, গোলাগুলি এতটাই তীব্র ছিল যে আশপাশের পরিবারগুলো আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যায়।
একজন বাসিন্দা বলেন,“এবার মানুষ ইসরায়েলি আক্রমণ থেকে পালাচ্ছিল না, তারা পালাচ্ছিল নিজেদের লোকদের কাছ থেকে।”
সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেছে হামাস ও দুঘমুশ পরিবার। হামাস জানিয়েছে, দুঘমুশ পরিবারের বন্দুকধারীরা তাদের দুই যোদ্ধাকে হত্যা ও পাঁচজনকে আহত করেছে, তাই প্রতিক্রিয়ায় তারা অভিযান শুরু করে।
অন্যদিকে, দুঘমুশ পরিবারের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, হামাস বাহিনী এমন একটি ভবনে অভিযান চালায় যা একসময় জর্ডান হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলি আক্রমণে নিজ বাসভবন ধ্বংস হওয়ার পর পরিবারটি ওই ভবনে আশ্রয় নিয়েছিল। দুঘমুশ পরিবারের অভিযোগ, হামাস তাদের ভবন থেকে উচ্ছেদ করে সেখানে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল।
হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এখন ‘শৃঙ্খলা পুনরুদ্ধারের পথে’ রয়েছে। তারা সতর্ক করে বলেছে,“প্রতিরোধের কাঠামোর বাইরে যে কোনো সশস্ত্র কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
দুঘমুশ পরিবার গাজার অন্যতম প্রভাবশালী ও পুরোনো গোত্র, যাদের সঙ্গে হামাসের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। অতীতেও এই পরিবারের সশস্ত্র সদস্যরা হামাসের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।এই সাম্প্রতিক সংঘর্ষ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও অভ্যন্তরীণ অস্থিরতার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : বিবিসি