মেলবোর্ন, ১৮ নভেম্বর- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আলোচনায় এসেছে তাঁর ফাঁসি কার্যকরের বিষয় নিয়ে। কারা সূত্রের তথ্যমতে, বাংলাদেশের ইতিহাসে আজ অবধি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়নি। গাজীপুরের কাশিমপুরে একমাত্র নারী কারাগারে নেই কোনো ফাঁসির মঞ্চ।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রোসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন জানান, সিআরপিসিতে জামিন প্রদানের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর, বালক, শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়।কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও কোনো আলাদা অগ্রাধিকার দেওয়া হয় না। ট্রাইব্যুনাল আইনেও কোনো আলাদা নেই। অতএব, রায় প্রদানের ক্ষেত্রে কী অপরাধ করেছেন, সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে।
বিশেষজ্ঞদের মতে, ফাঁসির ক্ষেত্রে নারীদের আইনত কোনো বাধা নেই। বাংলাদেশে নারীদের ফাঁসি কার্যকর না হওয়ার মূল কারণ হলো—উচ্চ আদালতের শাস্তি হ্রাসের প্রবণতা, আইনি বিধানে বিশেষ বিবেচনা, রাষ্ট্রপতির কাছে ক্ষমা আবেদন না পৌঁছানো, ফাঁসির মঞ্চের অভাব এবং সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। এসব কারণ একত্রে নারীদের ফাঁসির রায় কার্যকরে বাধা সৃষ্টি করে।