মেলবোর্ন, ২৬ নভেম্বর- রাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রার্থী পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী–১ আসনের মনোনয়ন নিয়ে বিরোধের জেরে মশালমিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং বিআরডিবির একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফ উদ্দিনকে রাজশাহী–১ আসনে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলামের অনুসারীরা সন্ধ্যায় উপজেলা সদরে মশালমিছিল নিয়ে বের হলে অপর পক্ষের সঙ্গে তাদের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। মিছিলের সময় শরীফ উদ্দিনের অনুসারীরা ইটপাটকেল ছোড়েন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।
সুলতানুল ইসলাম অভিযোগ করেন, শান্তিপূর্ণ মশালমিছিলে শরীফ উদ্দিনের সমর্থকরা হামলা চালান। তার দাবি, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের নির্দেশে তাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। তিনি জানান, তাদের অনুসারীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর করে চাবি নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে সাবেক মেয়র মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, দুই পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।