মেলবোর্ন, ২৬ নভেম্বর- হংকংয়ের একটি আবাসিক এলাকার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, পাশাপাশি কয়েকজন ফায়ার সার্ভিস সদস্যও প্রাণ হারিয়েছেন।
বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের অন্তত তিনটি অ্যাপার্টমেন্ট ব্লকে। আগুন দেখা দেওয়ার পর মুহূর্তেই ঘন ধোঁয়া পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন উচ্চ সতর্কতা জারি করেছে। ফায়ার সার্ভিস ভবনের আশপাশের বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রাখার অনুরোধ জানায়। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ভবনের ভেতরে এখনো আটকে আছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে প্রবীণ বাসিন্দাও আছেন। উদ্ধারকাজ চলমান।
ভবনটির সামনে থাকা ৮৩ বছর বয়সী বাসিন্দা চ্যান কুয়ং জানান, ভবনে অগ্নি সতর্কতা ব্যবস্থা থাকলেও সেগুলো বাজেনি। আগুনের গন্ধ পেয়ে বাসিন্দারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন।
একই অভিযোগ করেছেন তাই পো জেলার সাবেক কাউন্সিলর হারম্যান ইউ কুয়ান। তিনি বলেন, সতর্ক সংকেত না বাজায় কেউ আগুন টের পাননি। এক নিরাপত্তাকর্মী পরিস্থিতি বুঝতে পেরে বাসিন্দাদের খবর দেন, এরপর সবাই দ্রুত ভবন থেকে নামার চেষ্টা করেন।
অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করে দেখছে।