অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১০ ডিসেম্বর- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র তাদের পদত্যাগের খবর নিশ্চিত করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধিত্ব করতে এই দুই তরুণ অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্টের ঘটনার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে তিনজনকে সরকারে রাখা হয়। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম উপদেষ্টার দায়িত্ব থেকে সরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও তার হাতে আসে।
অন্যদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন উপদেষ্টা পদমর্যাদায়। পরবর্তীতে তিনি তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। শেষ পর্যন্ত দুজনই নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।