দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…
মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪। সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী স্পষ্ট করে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফাহিম ফারুকী। তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি নির্বাচনকে বানচাল করার সুপরিকল্পিত চেষ্টা। তার দাবি, আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সে কারণেই নির্বাচন ঠেকাতে এ ধরনের সহিংসতা চালানো হচ্ছে।
ফাহিম ফারুকী অভিযোগ করেন, হামলার পরও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, পুলিশ প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে। তাই তার পদত্যাগ দাবি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে তবেই আমরা ঘরে ফিরবো। আমরা অজুহাত শুনতে চাই না, বিচার চাই।
হাদির শারীরিক অবস্থার বিষয়ে ফাহিম ফারুকী জানান, তিনি এখনও শ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবার সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছে। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন।
হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়া গুলিটি তার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানে এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সময় নতুন কোনো চিকিৎসাগত হস্তক্ষেপ করা হবে না।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাদি বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এখনো তাকে নিয়ে আশাবাদের কোনো নিশ্চিত বার্তা দিতে পারছেন না চিকিৎসকেরা।
এদিকে হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au