মেলবোর্ন,২০ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় তীব্র যানজট ও বড় ধরনের জনসমাগমের আশঙ্কায় শনিবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নিয়মিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, গণমাধ্যমের খবরে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শনিবার বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত বা পরিকল্পিত সমাবেশ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া কোনো সমাবেশও পরিস্থিতির পরিবর্তনে সহিংসতায় রূপ নিতে পারে। সে কারণে বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলার পাশাপাশি, এমন স্থানের আশপাশে অবস্থান করলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে স্থানীয় গণমাধ্যম নিয়মিত অনুসরণ করার কথাও বলা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে সিঙ্গাপুর থেকে শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় আনা হয়। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছে, শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।