মেলবোর্ন,২০ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বজায় রাখতে সাত দফা নির্দেশনা জারি করেছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জানাজার সময় মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের এলাকা যানবাহনের জন্য সীমিত থাকবে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি প্রদত্ত বিকল্প সড়ক নির্দেশনা অনুযায়ী:
১. মিরপুর রোড থেকে ফার্মগেট গামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
২. ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ গামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড়, তারপর লেক রোড-গণভবন ক্রসিং হয়ে যাবে।
৩. ধানমণ্ডি থেকে ফার্মগেট গামী যানবাহন ধানমণ্ডি ২৭ থেকে আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন, লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
৪. আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং গামী যানবাহন আসাদগেট-বামে মোড়, গণভবন ক্রসিং-ডানে মোড়, লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমণ্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড়, উড়োজাহাজ ক্রসিং-বামে মোড়, লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমণ্ডি যাবে।
৬. মিরপুর রোড থেকে ধানমণ্ডি ২৭ গামী যানবাহন মানিক মিয়া এভিনিউ ব্লকেড হওয়ায় শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট পথ ধরে ধানমণ্ডি ২৭-এ যাবে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত সব যানবাহন মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করবে এবং নির্দেশনা অনুসরণ করবে। নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য জানাজায় আগতদের কোনো ধরনের ব্যাগ বা ভারি জিনিস বহন না করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় ঢাকার বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।