ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের…
মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে সামান্তা শারমিন বলেন, ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আসা মানুষের সমন্বয়ে গঠিত এনসিপিতে মতভিন্নতা ও অভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক। তার মতে, মাত্র ১০ মাসের পথচলায় একটি নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক মধ্যমপন্থার চূড়ান্ত রূপ নির্ধারিত হয়ে যাবে-এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলে দলের ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ‘ইনার পার্টি স্ট্রাগল’ অবশ্যম্ভাবী বাস্তবতা হয়ে উঠেছে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে দলের নির্বাচনী কৌশল নিয়ে, বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতার প্রশ্নে এনসিপির ভেতরে স্পষ্টভাবে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা দিয়েছে। এ বিষয়ে তিনি নিজের ভিন্নমত প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন সামান্তা শারমিন।
তার ভাষ্য অনুযায়ী, প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক উপলব্ধি ও বাস্তবতার মূল্যায়নের ভিত্তিতে অবস্থান নিয়েছে এবং কোন সিদ্ধান্ত সঠিক, তা সময়ই নির্ধারণ করবে। তিনি বলেন, যেহেতু তিনি জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের সিদ্ধান্তকে সঠিক মনে করেন না এবং একই সঙ্গে এই মুহূর্তে দল থেকেও পদত্যাগ করছেন না, তাই এনসিপি-জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা তার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সে কারণেই তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সামান্তা শারমিন আরও বলেন, এনসিপির ঘোষিত অবস্থান অনুযায়ী জামায়াতের সঙ্গে এটি কোনো আদর্শিক জোট নয়। ফলে আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে এই সিদ্ধান্তকে তিনি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় হিসেবে দেখছেন।
তিনি জানান, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের ফলাফলের সঙ্গে এনসিপির ভবিষ্যৎ রাজনীতি ও তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এ সিদ্ধান্তের রাজনৈতিক পরিণতির মূল্যায়নের জন্য তিনি সময়ের অপেক্ষায় থাকবেন বলেও উল্লেখ করেন সামান্তা শারমিন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, সময়ই এই সিদ্ধান্তের চূড়ান্ত মূল্যায়ন করবে। “আল্লাহ ভালো জানেন,” বলেও মন্তব্য করেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au