বাংলাদেশ

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

  • 5:23 pm - October 31, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীকে মারধর করে হাতকড়া পরানো হয় এবং চোখ বেঁধে একটি নোয়া গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার কাছ থেকে অলংকারের পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোনের সিম নিয়ে ঢাকার ডেমরা এলাকায় ফেলে রেখে যায় তারা।

গত বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রামপদ দাস (৪২) গত ৩০ অক্টোবর আড়াইহাজার থানায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। রামপদ দাস নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা। তিনি নরসিংদী শহরের বাতিলবাড়ী রোডের গেঞ্জিপট্টি মোড়ে ‘নন্দিতা শিল্পালয় অ্যান্ড স্টোর’ নামের একটি গয়নার দোকানের মালিক।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ঘটনার দিন রামপদ দাস তার দোকানের কর্মচারী সাগর দাসকে সঙ্গে নিয়ে ঢাকার তাঁতীবাজার থেকে স্বর্ণ ও রুপার অলংকার কেনেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে তারা গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি পরিবহনের একটি বাসে করে নরসিংদীর উদ্দেশে রওনা হন।

তাদের সঙ্গে ছিল প্রায় ৬০ ভরি স্বর্ণ, যার আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া ছিল ২৯০ ভরি রুপা, যার মূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে স্বর্ণ ও রুপার অলংকারের মোট মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযোগে বলা হয়, রাত পৌনে ১০টার দিকে বাসটি পুরিন্দা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের জ্যাকেট ও হেলমেট পরা চার ব্যক্তি বাসে ওঠেন। তারা রামপদ দাসকে আটক করতে এসেছেন বলে পরিচয় দেন। এরপর তার এক হাতে হাতকড়া পরিয়ে দেন। রামপদ বাস থেকে নামতে না চাইলে দুর্বৃত্তরা লাঠি দিয়ে তাকে মারধর করে। একপর্যায়ে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে একটি নোয়া গাড়িতে তুলে নেয়।

গাড়িতে তোলার পর তার দুই চোখ গামছা দিয়ে বেঁধে দুই হাতে শক্ত করে হাতকড়া পরানো হয়। এরপর মারধর ও হত্যার ভয় দেখিয়ে তার কাছে থাকা ৬০ ভরি স্বর্ণ, ২৯০ ভরি রুপা এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে দুর্বৃত্তরা তার চোখের বাঁধন ও হাতকড়া খুলে দেয়। পরে আবার গামছা দিয়ে তার হাত বেঁধে রাখা হয়। তার মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে নিয়ে ফোনটি ফেরত দেওয়া হয়। এরপর ঢাকা-ডেমরা সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় পেছনে তাকালে গুলি করার হুমকি দিয়ে দ্রুত ঢাকার দিকে চলে যায় গাড়িটি।

পরে স্থানীয় একটি দোকান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন রামপদ দাস। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে নিয়ে যান। পরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

অভিযোগপত্রে দুর্বৃত্তদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৫ বছর বলে উল্লেখ করেছেন ভুক্তভোগী। তাদের মধ্যে কেউ মাঝারি গড়নের, আবার কেউ স্বাস্থ্যবান ছিলেন। সবার পরনে প্যান্ট-শার্ট ও ডিবি পুলিশের জ্যাকেট ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন বলেন, রামপদ দাস নামে এক ব্যক্তি গত ৩০ অক্টোবর থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তিনি কোথা থেকে অলংকার নিয়ে আসছিলেন এবং কোথায় যাচ্ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং লুট হওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা-​অবিস্মরণীয় বন্ধুত্বের রূপকার: ইতিহাসের আলোয় ইন্দিরা গান্ধী ও আমাদের মুক্তিযুদ্ধ

​ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্ব অমর হয়ে থাকেন, যাঁদের দূরদর্শিতা ও সাহসিকতা কেবল নিজ দেশের সীমানা ছাড়িয়ে সমগ্র মানবসভ্যতার গতিপথ বদলে দেয়। ভারতের প্রথম নারী…

হংকংয়ে সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রার অনন্য অভিজ্ঞতা

সমুদ্রের গভীরে সাবমেরিনে চড়ে ভ্রমণের অনুভূতি পেতে চাইলে ঘুরে আসতে পারেন হংকংয়ের ওশান পার্কে। সেখানে রয়েছে ‘ওশান এক্সপ্রেস’ নামে বিশেষ এক ট্রেন, যা যাত্রীদের নিয়ে…

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ক্রমাগত বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক…

টাঙ্গাইলে দুই চোখ তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দুটি চোখ উপড়ানো ছিল। শুক্রবার…

রাশিয়ায় সরকারের চাপে বন্ধ হচ্ছে স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’

রাশিয়ার অন্যতম পরিচিত স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’র কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। তিন দশক ধরে ব্যবহৃত কার্যালয়টি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পত্রিকাটির কর্মীরা। এরই মধ্যে…

নাইটক্লাবে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে আলোচনায় ‘অজি শোর’-এর নতুন পর্ব

ওটিএন বাংলা, বিনোদন ডেস্ক: তৃতীয় মৌসুমের শুরুতেই খোলামেলা দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার রিয়েলিটি শো ‘অজি শোর’। গোল্ড কোস্টের একটি নাইটক্লাবে ধারণ করা সর্বশেষ পর্বে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au