সর্বশেষ

চবি ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষককে হেনস্তা, ৯ ঘণ্টা অবরুদ্ধ রেখে মুক্তি

  • 5:42 am - January 11, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
চবি ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষককে হেনস্তা, ৯ ঘণ্টা অবরুদ্ধ রেখে মুক্তি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জানুয়ারি- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিকভাবে হেনস্তা করে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে প্রক্টরের গাড়িতে করে তাঁকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

হেনস্তার শিকার ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক সহকারী প্রক্টর। শনিবার দুপুর ১২টার দিকে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে তাঁকে ঘিরে ধরেন চাকসুর চার নেতা। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষাকেন্দ্র থেকে তাঁকে তাড়া করে নিয়ে যাওয়া হয় এবং এ সময় তাঁর মুঠোফোন তল্লাশিও করা হয়।

এরপর তাঁকে টেনেহিঁচড়ে প্রক্টর ও সহ–উপাচার্যের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৯টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে প্রক্টরের গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্র শিক্ষক হাসান মোহাম্মদকে টানাহেঁচড়া করে নিয়ে যাচ্ছেন। একজনকে পেছন থেকে চেপে ধরতেও দেখা যায়। ভিডিওতে চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি এবং নির্বাহী সদস্য সোহানুর রহমানকে শনাক্ত করা গেছে। এ সময় শিক্ষক চিৎকার করছিলেন এবং পরে তাঁকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।

প্রক্টর অফিসে অবস্থানকালে ঘটনার বর্ণনা দিয়ে হাসান মোহাম্মদ বলেন, পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের সময় শিক্ষক ও কর্মচারীরা তাঁকে জানান যে পরিস্থিতি ভালো নয়। এরপর তিনি কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তখন চাকসুর নেতারা চিৎকার শুরু করলে ভয়ে তিনি দৌড় দেন। এরপরও তাঁকে আটক করে তাঁর বিরুদ্ধে মব তৈরি করা হয়।

তবে চাকসুর আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি শিক্ষকের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, সহকারী প্রক্টর থাকার সময় হাসান মোহাম্মদ গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে ভূমিকা রেখেছিলেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি সরাসরি দমন-পীড়নের সঙ্গে যুক্ত ছিলেন। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনিক তদন্ত চলছিল। তদন্তাধীন একজন শিক্ষক কীভাবে পরীক্ষার দায়িত্ব পান, তা জানতে তাঁরা আইন অনুষদের ডিনের সঙ্গে কথা বলতে যান। এ সময় ওই শিক্ষক পালানোর চেষ্টা করলে একটি গাছের গুঁড়িতে আঘাত পেয়ে পড়ে যান।

একই দাবি করেন চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, শিক্ষককে মারধর করা হয়নি। আইন অনুষদে পরিদর্শনের সময় তাঁর উপস্থিতির খবর পেয়ে সেখানে গেলে তিনি দৌড়ানোর সময় আহত হন।

চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব জানান, তাঁরা মামলা করতে হাটহাজারী থানায় গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া মামলা গ্রহণ করা যাবে না বলে জানানো হয়। বিষয়টি প্রশাসনের সঙ্গে বৈঠকে তোলা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ওই শিক্ষক ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামী লীগ ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, থানায় মামলা হয়েছে বলে জানানো হলেও প্রক্টরিয়াল বডির শাস্তি দেওয়ার এখতিয়ার নেই। তাই তাঁর নিরাপত্তা নিশ্চিত করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে হাটহাজারী থানার ওসি মো. জাহেদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা নথিভুক্ত হয়নি।

এদিকে শিক্ষক হাসান মোহাম্মদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন না, কোনো বোর্ডের সদস্য ছিলেন না এবং সহকারী প্রক্টর থাকাকালে কাউকে মামলা দেননি।

ভর্তি পরীক্ষার দায়িত্ব প্রসঙ্গে ‘বি’ ইউনিটের সমন্বয়কারী মো. ইকবাল শাহীন খান বলেন, সিন্ডিকেট থেকে বরখাস্তের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো শিক্ষক দায়িত্ব পালন করতে বাধা নেই। সে কারণেই তাঁকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগের কারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের প্রেক্ষিতে তাঁর বেতন বন্ধ রয়েছে। তবে কীভাবে তিনি পরীক্ষার দায়িত্ব পেলেন, তা তিনি জানেন না।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au