মেলবোর্ন ১৫ জানুয়ারি-থাইল্যান্ডের ব্যাংককে পর্দা উঠল সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের। উদ্বোধনী ম্যাচেই ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছিল।
ননথাবুরি স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে আক্রমণ আর পাল্টা আক্রমণের এক অনন্য প্রদর্শনী দেখল দর্শকরা। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৪-৪ গোল ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই প্রতিবেশী দেশ।
ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল আক্রমণাত্মক। ম্যাচের ৯ মিনিটে মঈন আহমেদের দুর্দান্ত এক গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। তবে বাংলাদেশের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ভারত। তিন মিনিট পরেই আনমল অধিকারীর গোলে সমতায় ফেরে ব্লু টাইগাররা।
ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশ অধিনায়ক রাহবার খান পুনরায় লক্ষ্যভেদ করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দল। কিন্তু বিরতির ঠিক আগ মুহূর্তে ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে দিক পরিবর্তন করলে আত্মঘাতী গোলের শিকার হয় বাংলাদেশ। ফলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয় হাফের শুরুতেই গোল করে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন রোলুয়াপুইয়া। তবে পিছিয়ে পড়ে দমে যায়নি বাংলাদেশ। কিছুক্ষণ পরেই কঠিন এক কোণ থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে সমতা আনেন মঈন আহমেদ। ম্যাচের ৩৬ মিনিটে বাংলাদেশের গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ নিয়ে গোল করেন ভারতের রোলুয়াপুইয়া।
ম্যাচ যখন ভারতের দিকে ঝুঁকে যাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন বাংলাদেশ অধিনায়ক রাহবার খান।
ভারতের আনমোল বলের নিয়ন্ত্রণ হারালে তা কেড়ে নেন রাহবার। দারুণ ক্ষিপ্রতায় ও নিখুঁত ফিনিশিংয়ে গোল করে তিনি দলকে ৪-৪ সমতায় ফেরান। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা থাকলেও আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।