বাংলাদেশ

কেবল যুক্তরাষ্ট্র নয়, অন‍্য দেশের শর্তেও বিপর্যস্ত বাংলাদেশ

  • 4:46 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:১০৪ বার
বাংলাদেশি পাসপোর্ট

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বিভিন্ন দেশের কঠোর ভিসানীতি, অভিবাসন শর্ত ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিধিনিষেধে ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে বাংলাদেশের বৈধ অভিবাসনের সুযোগ। ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ, পর্যটন ও ব্যবসা ভিসায় মোটা অঙ্কের জামানত, শ্রমবাজার স্থবিরতা এবং শিক্ষাভিসায় বাড়তি স্ক্রিনিং-সব মিলিয়ে অভিবাসন খাতে এক ধরনের বহুমাত্রিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি।

সম্প্রতি মার্কিন প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে স্থায়ী হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এমনকি মার্কিন নাগরিককে বিয়ে করেও বাংলাদেশিদের সেখানে স্থায়ী হওয়ার সুযোগ থাকছে না। পাশাপাশি বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও ব্যবসা ভিসায় সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপ করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ নিশ্চিত করা যায়।

মার্কিন সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর তুলনামূলক বেশি নির্ভরশীল, তাদের অভিবাসন সীমিত করতেই এই সিদ্ধান্ত। প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সহায়তা পান। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল এই তালিকায় রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভিসা বন্ড আরোপকে দুঃখজনক হলেও অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন। তাঁর ভাষায়, সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশিদের অংশগ্রহণ বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুমেয় ছিল।

যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশেও বাংলাদেশি পাসপোর্টের ওপর নজরদারি ও কড়াকড়ি বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে বিভিন্ন দেশের ইমিগ্রেশনে বাংলাদেশিদের অতিরিক্ত জেরার মুখে পড়তে হচ্ছে। নেপাল, মালদ্বীপসহ কয়েকটি দেশে বিমানবন্দরে আলাদা নজরদারির অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভ্রমণকারী ও ট্রাভেল ব্লগাররা।

একই সঙ্গে বহু দেশ ভিসা দেওয়ার শর্ত কঠোর করেছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও মিসরের মতো দেশগুলোতে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। ভিয়েতনাম বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ করেছে, ইন্দোনেশিয়া সীমিত করেছে। থাইল্যান্ডের ভিসা পেতে অপেক্ষা করতে হচ্ছে এক মাসেরও বেশি সময়।

ইউরোপে উচ্চশিক্ষা ও কাজের ভিসাও জটিল হয়ে উঠেছে। ঢাকায় অনেক ইউরোপীয় দেশের দূতাবাস না থাকায় শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ভিসার জন্য দিল্লির ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু ভারতের পর্যটন ভিসা সীমিত হওয়ায় এই প্রক্রিয়াও কঠিন হয়ে পড়েছে। নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ শিক্ষাভিসার ক্ষেত্রে কঠোর স্ক্রিনিংয়ের ঘোষণা দিয়েছে। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল বলেছেন, অনেক আবেদনকারী পড়াশোনাকে সে দেশে থাকার অজুহাত হিসেবে ব্যবহার করতে চান, তাই যাচাই প্রক্রিয়া কঠোর করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারেও চিত্র আশাব্যঞ্জক নয়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ। বাহরাইন, ওমান, মালয়েশিয়া, লিবিয়া, মিসরসহ একাধিক গুরুত্বপূর্ণ বাজারও পুরোপুরি বা আংশিকভাবে স্থবির। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি কর্মীদের প্রায় ৯০ শতাংশ মাত্র পাঁচটি দেশে গমন করছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি শুধু কূটনৈতিক চ্যালেঞ্জ নয়, অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে। ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসানের মতে, অবৈধ অভিবাসন, অনিয়মিত ভিসা আবেদন এবং মানবপাচারের কারণে বৈধ ভ্রমণকারীরাও হয়রানির শিকার হচ্ছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সরকার মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজারের বাইরে নতুন সম্ভাবনাময় বাজার খুঁজছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, কূটনৈতিক তৎপরতা জোরদার ও দক্ষ শ্রমশক্তি তৈরির পাশাপাশি অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা না বাড়ালে বাংলাদেশের জন্য বৈধ অভিবাসনের দুয়ার আরও সংকুচিত হয়ে পড়বে।

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

ট্রাম্পের অস্ট্রেলিয়া-বিরোধী মন্তব্য ‘অন্যায্য ও ক্ষতিকর’: ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  অস্ট্রেলিয়াকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনাকে ‘অন্যায্য’ ও ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি। তিনি সতর্ক করে বলেন,…

বেলা একটা পর্যন্ত ভোটের হার ৬১ শতাংশ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১১ শতাংশ। নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, বুধবার (ভোটের দিন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au