নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত
রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…
মেলবোর্ন, ২৭ জানুয়ারি- ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্ভাব্য বয়কটের অবস্থান নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তাঁর স্পষ্ট মন্তব্য, অন্য দেশের রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিলে তার সবচেয়ে বড় ক্ষতি হবে পাকিস্তান ক্রিকেটেরই।
সম্প্রতি একটি সরাসরি সম্প্রচারিত আলোচনায় আকরাম বলেন, বাংলাদেশ খেলতে না পারায় সংহতি জানিয়ে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের ভাবনায় তিনি কোনো যুক্তি খুঁজে পান না। তাঁর প্রশ্ন, পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ আদৌ কী করেছে, যে কারণে এমন বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে?
এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা দেন আকরাম। তিনি বলেন, আইসিসির কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে তোলা যেতে পারে। কিন্তু আবেগের বশে বিশ্বকাপ বর্জন করলে আইসিসির কঠোর শাস্তির মুখে পড়ার আশঙ্কা রয়েছে, যা পাকিস্তান ক্রিকেটকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে।
ওয়াসিম আকরামের ভাষায়, “বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান বিশ্বকাপ বর্জনের কথা ভাববে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কী করেছে? আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকে নজর দেওয়া, খেলার ওপর মনোযোগ দেওয়া এবং বিশ্বকাপ জেতার চেষ্টা করা।”
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ্যে আইসিসির সমালোচনা করে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তাঁর মতে, আইসিসির এই ‘দ্বিচারী মনোভাবের’ প্রতিবাদেই পাকিস্তান বিশ্বকাপ না খেলার বিষয়টি বিবেচনা করছে।
জানা গেছে, দল ঘোষণা করা হলেও পাকিস্তান এখনো নিশ্চিত করেনি তারা বিশ্বকাপে অংশ নেবে কি না। এই ইস্যুতে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন মহসিন নাকভি। আগামী শুক্রবার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি প্রায় তিন সপ্তাহ ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালায়। তবে বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত গত শুক্রবার তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
এই পরিস্থিতিতে আকরামের মন্তব্য পাকিস্তান ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, আবেগের পরিবর্তে বাস্তবতা ও ক্রিকেটীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াই এখন পাকিস্তানের জন্য সবচেয়ে যুক্তিসংগত পথ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au