সর্বশেষ

এনসিটি ইজারা চুক্তিতে জড়িতদের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি আনু মুহাম্মদের

  • 3:35 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপিওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তির উদ্যোগকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তাঁর দাবি, এই চুক্তির সঙ্গে জড়িতরা যাতে দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজিত এক সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এবং বন্দর শ্রমিকদের চলমান কর্মবিরতির প্রতি সংহতি জানিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বলেন, একটি অন্তর্বর্তী সরকারের দীর্ঘ ৩০ থেকে ৬০ বছরের জন্য দেশের অর্থনীতি, রাজনীতি ও ভূরাজনীতিকে প্রভাবিত করতে পারে—এমন চুক্তি করার কোনো এখতিয়ার নেই। অথচ বর্তমান সরকার অস্বচ্ছতা ও তড়িঘড়ির মধ্য দিয়ে এনসিটি ইজারার পথে এগোচ্ছে।

আনু মুহাম্মদের ভাষায়, বিদেশি কোম্পানির হাতে নিউমুরিং টার্মিনাল তুলে দিলে সরকারের রাজস্ব আয় কমবে, অথচ সাধারণ মানুষের ওপর বাড়তি শুল্ক ও মাশুলের বোঝা চাপানো হচ্ছে। এতে আমদানি ব্যয় ও রপ্তানি খরচ বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল আগের সরকারের সময় করা জনস্বার্থবিরোধী চুক্তিগুলো পর্যালোচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়া। কিন্তু উল্টোভাবে বর্তমান সরকার সেই চুক্তিগুলো বহাল রাখার পাশাপাশি নতুন করে আরও বিতর্কিত চুক্তির দিকে এগোচ্ছে, যা দেশকে অর্থনৈতিক, রাজনৈতিক ও ভূকৌশলগত ঝুঁকির মুখে ফেলছে।

চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে আনু মুহাম্মদ বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি এই বন্দর দিয়ে হয়। সেই বন্দর যখন একটি বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে যাবে, তখন পুরো দেশই কার্যত জিম্মি হয়ে পড়বে। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হবে।

জাতীয় নির্বাচনের আগে কেন সরকার এনসিটি চুক্তি দ্রুত করতে চাইছে, সে প্রশ্নও তোলেন তিনি। শ্রমিক, বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের বিরোধিতার পরও চুক্তির উদ্যোগ চালিয়ে যাওয়ার পেছনে কার স্বার্থ কাজ করছে—তা জনসমক্ষে পরিষ্কার করার দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, যিনি এই চুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ‘ইকোনমিক হিটম্যান’ বলে আখ্যা দেন। অধিকার কমিটির সদস্য মাহতাব উদ্দীন বলেন, বিভিন্ন সামাজিক সংকটে সরকারের ভূমিকা ধীর হলেও দেশবিরোধী চুক্তির ক্ষেত্রে তাদের গতি অস্বাভাবিক দ্রুত।

সমাবেশে বক্তারা এনসিটি ইজারার বিরুদ্ধে আন্দোলনরত বন্দর শ্রমিকদের প্রতি সংহতি জানান এবং আসন্ন নির্বাচনের পর নতুন সরকারের প্রথম কাজ হিসেবে এই চুক্তি বাতিলের দাবি জানান।

এই শাখার আরও খবর

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কুকি ও নাগা…

সুইডিশ দূতাবাসে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ

ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল এবং আবেদনসংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন…

ঋণের চাপে ট্রেনের নিচে ব্যবসায়ী, চিরকুটে লিখে গেলেন ‘সুদখোর’দের নাম

গাইবান্ধায় আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামে এক চা পাতার ব্যবসায়ীর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার হাতে পাওয়া একটি চিরকুটে নিজের মৃত্যুর…

পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মুক্তিযোদ্ধার আমরণ অনশন

নিজের বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা, বাড়িতে হামলার বিচার এবং বরাদ্দ পাওয়া সরকারি ঘরের নির্মাণকাজ শেষ করার দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন বীর…

সকালেই শিল্পাঞ্চলের তিন কারখানায় আচমকা হামলা

রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে সোমবার (২ নভেম্বর) সকালে তিনটি পোশাক কারখানায় আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার কারখানাগুলো হলো ফারইস্ট, ডিভাইন ও এপেক্স। তবে কারা…

আওয়ামী লীগ ও জামায়াত: রাজনৈতিক জোটের ইতিহাসে বিচিত্র বাঁক

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি একটি তাৎপর্যপূর্ণ অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং বর্তমানে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামী গোপন সমঝোতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au