বিশ্ব

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

  • 2:11 pm - November 02, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল লিয়ারজেট-৬০ মডেলের।

রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনাস্থলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। তবে উড়োজাহাজটি বোকারাটন থেকে উড্ডয়ন করেছিল বলে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় আট হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা অবস্থায় উড়োজাহাজটি হঠাৎ ডান দিকে বাঁক নেয় এবং দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। একপর্যায়ে সেটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিতে আছড়ে পড়ার আগে উড়োজাহাজটি একটি গাছে ধাক্কা দেয় এবং বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে। এতে দুর্ঘটনাস্থলের সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে উড়োজাহাজের জ্বলন্ত ধ্বংসাবশেষ। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাড়িগুলোতে থাকা বাসিন্দাদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করছিল। বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির সঙ্গে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া কিংবা অন্য কোনো কারণে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

গণপিটুনি, হত্যাকাণ্ড ও জমি দখলে অবনতির মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

বাংলাদেশে গণপিটুনি, কথিত ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সহিংসতা এবং জমি দখলের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন…

ঢাকায় ফিরলেও বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাঁধন, ভেনিসের হামলার ট্রমা কাটেনি এখনও

ওটিএন বাংলা রিপোর্ট : ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সেই অভিজ্ঞতার মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।…

অহিংস থেকে সহিংস আন্দোলনে শ্রমিকরা, কী ঘটতে যাচ্ছে ঢাকায়?

ওটিএন বাংলা রিপোর্ট : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রোববার (১ নভেম্বর) হঠাৎ সহিংস রূপ নেয়। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের…

নীলফামারীতে জুলাই-আগস্টে নিহতের ঘটনা নেই, তবু হত্যায় প্ররোচনার মামলায় আসাদুজ্জামান নূর

বিএনপির বর্তমান সরকারের সমর্থনপুষ্ট বিচারব্যবস্থা ও জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ও লেখক ডেভিড বার্গম্যান। অভিনেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ…

গুলি করেন তাজুল, আদালতে দুই আসামির স্বীকারোক্তি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তাজুল ইসলাম।…

বাঁশখালীতে সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কথা জানিয়ে মাইকিং করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au