লংমার্চ থেকে সরকার পতনের হুমকি, জামায়াত-এনসিপির লক্ষ্য কি?
ওটিএন বাংলা রিপোর্ট : সরকার গঠনের আট মাস না পেরোতেই রাজপথে সরব হয়ে উঠেছে বিরোধী দল। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জ্বালানি ও…
মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পরাজয় মেনে নিয়ে ভবিষ্যতে গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন। নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তিনি জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানান এবং ঢাকা-৯ আসনের বিজয়ী প্রার্থী হাবিবুর রশীদ হাবিবকে ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানানোর কথা উল্লেখ করেন। ঢাকা-৯ ও দেশের মানুষের স্বার্থে নবনির্বাচিতদের সাফল্য কামনা করে তিনি বলেন, জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকবে, তবে মানুষের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন।
নারীদের অংশগ্রহণকে নিজের প্রচারণার বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীর উপস্থিতি আলোচনার মান বদলে দেয়। তরুণী ও কিশোরীদের উদ্দেশে তিনি রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান এবং ক্ষমতার কাঠামোয় নিজেদের জায়গা দাবি করার কথা বলেন।
প্রচারণায় যুক্ত স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সাধারণ নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার যে দৃষ্টান্ত তারা তৈরি করেছেন, তা বিরল। মানুষের মন জয় করাই রাজনীতির সবচেয়ে কঠিন কাজ উল্লেখ করে তিনি সংগঠিত ও সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নির্বাচনের পর দেশ ছাড়ার গুঞ্জন নাকচ করে তাসনিম জারা স্পষ্ট করেন, তিনি কোথাও যাচ্ছেন না। তাঁর শেকড় এই দেশে এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্য নিয়ে দীর্ঘ পথচলা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন প্রচারণায় মানুষের সমর্থন পাওয়া সম্ভব হলেও তা টিকিয়ে রাখতে শক্তিশালী সংগঠন দরকার। নির্বাচনের দিনে প্রতিটি বুথে সাহসী পোলিং এজেন্ট ও সচেতন নাগরিকের উপস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি ভবিষ্যতে আরও সুসংগঠিত হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
জুলাই আন্দোলনের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের যে পরিবেশ তৈরি হয়েছে, তা তাদের আত্মত্যাগের ফল। একই সঙ্গে তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর টিম এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য।
৪৪ হাজারের বেশি ভোটকে তিনি একটি শক্ত ভিত্তি হিসেবে দেখছেন। তাঁর ভাষ্য, এই ফলাফল প্রমাণ করে মানুষ পরিচ্ছন্ন রাজনীতি চায়। ঢাকা-৯ ও দেশের রাজনীতিতে নতুন ধারা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au