বিশ্ব

ভারতে ‘ডাইনি’ অপবাদে নারী ও শিশুকে পুড়িয়ে হত্যা

  • 6:55 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ভারতে ‘ডাইনি’ অপবাদে নারী ও শিশুকে পুড়িয়ে হত্যা। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড-এ ‘ডাইনি’ আখ্যা দিয়ে এক নারী ও তাঁর ১০ মাস বয়সী শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর স্বামীও হামলার শিকার হয়ে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের কুদসাই নামের একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে। ছোট এই গ্রামটিতে প্রায় ৫০টি মাটির বাড়ি রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রামটিতে কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয়। একই সময়ে পুসতুন বিরুয়া নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। এসব ঘটনার পর এলাকায় জাদুটোনা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অসুস্থতার সময় থেকেই পুসতুনের পরিবার ও কিছু গ্রামবাসী জ্যোতি সিনকু নামের এক নারীকে ‘ডাইনিবিদ্যা’ চর্চার অভিযোগে অভিযুক্ত করতে থাকে। পুসতুনের মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অন্তত ডজনখানেক লোক জ্যোতি সিনকুর বাড়িতে হামলা চালায়। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী কোলহান সিনকু জানান, হামলাকারীদের মধ্যে পাঁচজন নারীও ছিলেন। তারা ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও শিশুপুত্রের গায়ে আগুন ধরিয়ে দেয়। তিনি হাতজোড় করে বিষয়টি গ্রামসভায় মীমাংসার অনুরোধ করেছিলেন, কিন্তু হামলাকারীরা তা উপেক্ষা করে বলে দাবি করেন।

অন্যদিকে মৃত পুসতুন বিরুয়ার স্ত্রী জানো বিরুয়া বলেন, তাঁর স্বামী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তিনি স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হলে ওই ব্যক্তি জানান, পুসতুনের দৃশ্যমান কোনো শারীরিক অসুস্থতা নেই। জানো বিরুয়ার ভাষ্য, আর্থিক অসচ্ছলতার কারণে তাঁরা স্বামীকে দূরের হাসপাতালে নিতে পারেননি। “আমরা গরিব মানুষ, এত দূরে নেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না,” বলেন তিনি।

ঘটনার পর কোলহান সিনকু ও পরিবারের আরেক সদস্যের সাক্ষ্যের ভিত্তিতে জেলা পুলিশ হত্যা ও ফৌজদারি ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিরা এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে দেশটিতে ‘ডাইনি’ সন্দেহে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী। কয়েক মাস আগে প্রতিবেশী রাজ্য বিহার-এও একই অভিযোগে একটি পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ভারতের কিছু পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় কুসংস্কার, দারিদ্র্য ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে এ ধরনের ঘটনা এখনো ঘটছে। অনেক ক্ষেত্রে আধুনিক চিকিৎসাসেবার অভাব ও অজ্ঞতার সুযোগে গুজব ছড়িয়ে পড়ে এবং নিরীহ মানুষ তার শিকার হন।

পুলিশ জানিয়েছে, গ্রামাঞ্চলে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au