বাংলাদেশ

‘মব’ হামলার পর গ্রেফতার, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • 11:13 pm - March 14, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
‘মব’ হামলার পর গ্রেফতার, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মার্চ- বগুড়ায় গ্রেফতার হয়ে কারাবন্দি থাকা আওয়ামী লীগ নেতা শাহনূর আলম শান্ত (৬০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়। বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার ও মামলা সূত্রে জানা গেছে, শাহনূর আলম শান্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে এবং তিনি হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ২০১৮ সালে একটি সড়ক দুর্ঘটনায় তার ডান পা কেটে ফেলতে হয়। ওই দুর্ঘটনার পর তার পায়ে ধাতব রড বসানো হয় এবং তিনি কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করতেন।

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মতো তিনিও আত্মগোপনে চলে যান বলে পরিবারের সদস্যরা জানান। পরে চলতি বছরের ৪ জানুয়ারি দুপুরের দিকে তিনি গোপনে বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার একটি বিউটি পার্লারে স্ত্রীকে দেখতে আসেন। ওই সময় স্থানীয় কিছু লোক তাকে চিনে ফেলেন। অভিযোগ রয়েছে, সারিয়াকান্দি উপজেলার বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে ধরে ফেলে মারধর করেন এবং ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই দিনই বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনির দায়ের করা নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

বগুড়া সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অমিত হাসান মাহমুদ জানান, ঘটনার দিন দুপুরে ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দেখা যায়, স্থানীয় লোকজন শাহনূর আলম শান্তকে আটক করে মারধর করছে। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বগুড়া জেলা কারাগার সূত্রে জানা যায়, কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় গত ১৭ জানুয়ারি শাহনূর আলম শান্তকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখানে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহনূর আলম শান্তর ছোট ভাই ফারুক মিয়া বলেন, তার ভাই দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং একটি পা কাটা ছিল। তিনি দাবি করেন, তার ভাই নিরপরাধ ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, শান্তর একমাত্র মেয়ে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ছে। পরিবারের পক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরে তাকে সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে বগুড়া জেলা কারাগারে বন্দি অবস্থায় আরও পাঁচ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তারা হলেন গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ভুট্টু (৫২), গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মতিন মিঠু (৬৫), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু (৫৭), শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ (৬৭) এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন (৫৮)।

স্থানীয় রাজনৈতিক মহলে একের পর এক কারাবন্দি নেতার মৃত্যুর ঘটনা নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, গ্রেফতারের সময় এবং পরবর্তী সময়ে নির্যাতনের কারণে অনেকেই শারীরিকভাবে ভেঙে পড়ছেন। তবে কারাগার কর্তৃপক্ষ বলছে, অসুস্থতার কারণেই এসব মৃত্যু হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au