স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায়, ছবি-সংগৃহীত
মেলবোর্ন, ১৯ মার্চ- রাজধানীর সদরঘাটে ভয়াবহ নৌদুর্ঘটনায় দুই লঞ্চের চাপায় ইঞ্জিনচালিত একটি নৌকার যাত্রী সোহেল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন এবং সোহেলের স্ত্রী রুবা গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। স্ত্রীকে নিয়ে ঈদের আগে বাড়ি ফেরার উদ্দেশ্যে লঞ্চে উঠতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। আহত রুবাকে দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ডে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চ সদরঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার সময় পাশে ভিড়ানো একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে যাত্রী উঠছিল। এ সময় পেছন থেকে ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ ধাক্কা দিলে দুই লঞ্চের মাঝখানে পড়ে নৌকাটি। এতে নৌকায় থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।
চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লঞ্চ পেছাতে গিয়ে হঠাৎ নৌকাটি দুই দিক থেকে চাপা পড়ে যায়। এতে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন পানিতে পড়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এই দুর্ঘটনায় সদরঘাট এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নৌযান চলাচলে আরও সতর্কতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।