'ট্রেন বদলে' গন্তব্যে পৌঁছাবেন উত্তরের পাঁচ জেলার যাত্রী, ছবি : সংগৃহীত
মেলবোর্ন, ১৯ মার্চ- বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সাময়িকভাবে ‘ট্রান্সশিপমেন্ট’ বা ট্রেন বদলের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধার করতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটগামী যাত্রীদের বিকল্প ব্যবস্থায় যাতায়াত করতে হবে।
তিনি বলেন, “রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা দুর্ঘটনাস্থলে এসে ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। পঞ্চগড় থেকে আসা ট্রেন এবং ঢাকা থেকে যাওয়া ট্রেনের যাত্রীরা নির্দিষ্ট স্থানে নেমে অন্য ট্রেনে উঠবেন।”
এ ব্যবস্থায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হবে স্বীকার করে তিনি জানান, আপাতত এটিই একমাত্র কার্যকর সমাধান। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় আহত অন্তত ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।