হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২২ এপ্রিল- পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ বিশেষ সংখ্যার কভার তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এই স্বীকৃতিকে তিনি এখনো “অবিশ্বাস্য” বলে অভিহিত করেছেন।
সোমবার নিউইয়র্ক সিটির লিংকন সেন্টারে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ সিনেমার প্রিমিয়ারে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান অ্যান হ্যাথাওয়ে। অনুষ্ঠানেই পিপল ম্যাগাজিন তাকে বিশেষ সংখ্যার কপি তুলে দেয়।
হাস্যোজ্জ্বল অভিনেত্রী বলেন, এমন একটি আইকনিক কভারে জায়গা পাওয়া তার জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। তিনি আরও বলেন, বিষয়টি এখনো পুরোপুরি বুঝে উঠতে সময় লাগছে।
প্রিমিয়ারে তিনি জানান, দীর্ঘদিন পর সহ-অভিনেত্রী মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির সঙ্গে আবার কাজ করতে পেরে তিনি দারুণ আনন্দিত।
ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এই অস্কারজয়ী তারকা। তিনি জানান, তার স্বামী অ্যাডাম শুলমান সবসময় তাকে বাস্তবতার সঙ্গে যুক্ত রাখেন এবং মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করেন।
অ্যান হ্যাথাওয়ে ২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। মাত্র তিন বছর বয়সে মায়ের অভিনয় দেখে তিনি নিজেও অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেন। দীর্ঘ পথচলার পর ২০১৩ সালে ‘লে মিজারেবলস’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কার অর্জন করেন।
বর্তমানে তার সময় ব্যস্ততায় কাটছে। চলতি বছর ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ ছাড়াও আরও কয়েকটি নতুন সিনেমায় দেখা যাবে তাকে।
সূত্র: পিপল ডটকম