খরাজ মুখার্জি। ছবি: ফেসবুক
মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। এক লেখায় তিনি অতীতের ভোটের পরিবেশের সঙ্গে বর্তমান পরিস্থিতির তীব্র বৈপরীত্য তুলে ধরে বলেন, সময়ের সঙ্গে শুধু নির্বাচন নয়, রাজনীতির মানসিকতা ও চরিত্রও বদলে গেছে, যা তার কাছে উদ্বেগজনক।
ভারতের পশ্চিমবঙ্গ-এর একটি প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-এর অনলাইন সংস্করণে প্রকাশিত লেখায় খরাজ মুখার্জি সত্তরের দশকের ভোটের স্মৃতি তুলে ধরেন। তার ভাষায়, সে সময় ভোট ছিল এক ধরনের উৎসব। ছোটবেলায় বাবার হাত ধরে ভোটকেন্দ্রে যাওয়া, পোলিং অফিসারদের সঙ্গে কথা বলা কিংবা আঙুলে কালি লাগানোর অভিজ্ঞতা ছিল আনন্দঘন এবং নির্ভার।
কিন্তু বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই স্মৃতির কোনো মিল খুঁজে পান না তিনি। খরাজের মতে, এখনকার ভোট যেন “যুদ্ধক্ষেত্র”-এ পরিণত হয়েছে। তিনি বলেন, রাস্তায় বেরোলেই নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, অস্ত্রের প্রদর্শন এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করছে। সামান্য উত্তেজনাও বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শুধু নির্বাচন নয়, রাজনীতির বর্তমান ধারা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেতা। তার বক্তব্য, আগে রাজনীতিতে অভিজ্ঞ ও সমাজ সম্পর্কে সচেতন ব্যক্তিরাই নেতৃত্বে থাকতেন। কিন্তু এখন বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে বিনোদন জগতের ব্যক্তিত্বরা সহজেই রাজনীতিতে প্রবেশ করছেন, যা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
খরাজ মুখার্জি বলেন, “যে কোনো কাজ করতে হলে তা শেখার প্রয়োজন হয়, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে সেই প্রস্তুতির বিষয়টি এখন আর গুরুত্ব পাচ্ছে না।” তিনি প্রশ্ন তোলেন, অভিনয় বা অন্য পেশা থেকে আসা ব্যক্তিরা কীভাবে হঠাৎ করেই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করছেন।
তার এই মন্তব্যে রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তার বক্তব্য বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে এক ধরনের অসন্তোষের প্রতিফলন, যা সমাজের একটি অংশের ভাবনাকেও সামনে এনে দেয়।