মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বাবার আর্থিক লেনদেন বা ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
প্রতারণার অভিযোগে মিজানুর রহমানের দায়ের করা মামলায় পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।
ফেসবুক পোস্টে পূজা চেরি বলেন, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি নিজ প্রচেষ্টায় মিডিয়ায় কাজ করে আসছেন এবং নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের ব্যয় নিজেই বহন করছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তার বাবার কোনো ব্যবসা বা আর্থিক লেনদেনের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রোডাকশন হাউজের সঙ্গেও যুক্ত নন।
পারিবারিক এই পরিস্থিতিকে নিজের জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলে উল্লেখ করে পূজা চেরি বলেন, এটি সম্পূর্ণ তার বাবার ব্যক্তিগত আইনি বিষয় এবং তিনি আশা করেন আইন তার নিজস্ব গতিতে চলবে ও সত্য উদঘাটিত হবে। তিনি আরও জানান, চলমান তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিজ্ঞ আদালত।
এ ঘটনায় তাকে বা তার পেশাগত কাজকে অযথা জড়িয়ে না দেখার জন্য গণমাধ্যম ও দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে কঠিন এই সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।