চারদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাষ্ট্রে যাবেন ব্রিটেনের রাজা এবং রানি , ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২৬ এপ্রিল- সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কার মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ী চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা পার্কার বোলস। এই সফরে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর হোয়াইট হাউজে বৈঠকের সূচিও নির্ধারিত রয়েছে।
ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৭ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ-এর সফরের পর এটিই হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রীয় সফর। ফলে কূটনৈতিক দিক থেকেও সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।
তবে ওয়াশিংটনে সাম্প্রতিক গুলির ঘটনার প্রেক্ষাপটে এই সফরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, ঘটনাটি তাদের “অপারেশনাল পরিকল্পনায়” কোনো প্রভাব ফেলবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ভাষণ দেবেন। এছাড়া নিউইয়র্কে ৯/১১ স্মৃতিসৌধ পরিদর্শন এবং ভার্জিনিয়ায় নিহত মার্কিন ও ব্রিটিশ সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচিও রয়েছে।
এদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানের কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোনস বলেছেন, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। অপরদিকে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ মন্তব্য করেছেন, সহিংসতার আশঙ্কা কূটনৈতিক সফর থামাতে পারে না, বরং এ ধরনের সফর চালিয়ে যাওয়া উচিত।
বিশ্লেষকদের মতে, চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে এই সফর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।