বাংলাদেশ

আন্তর্জাতিক জাদুঘর দিবস

জাদুঘরে কমেছে বঙ্গবন্ধুর উপস্থিতি, বিতর্কে জাতীয় জাদুঘর

  • 6:24 pm - May 18, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
বাংলাদেশ জাতীয় জাদুঘর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে- আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। এই সময়ে এসে বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে ফেলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে আগের দৃশ্যমান উপস্থাপনা কমিয়ে দেওয়া এবং কিছু ঐতিহাসিক কর্নার অপসারণের অভিযোগ উঠেছে। এ নিয়ে দর্শনার্থী, ইতিহাসসচেতন নাগরিক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। যদিও জাদুঘর কর্তৃপক্ষ বলছে, কোনো নিদর্শন ধ্বংস করা হয়নি; বরং বাংলাদেশের সামগ্রিক ইতিহাসকে নতুনভাবে উপস্থাপনের জন্য পুনর্বিন্যাসের কাজ চলছে।

আজ ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। এবারের প্রতিপাদ্য ‘বিভক্ত বিশ্বের সেতুবন্ধে জাদুঘর’। এমন একটি সময়েই দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় জাদুঘরকে ঘিরে এই বিতর্ক সামনে এলো।

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর শুধু একটি প্রদর্শনশালা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের অন্যতম প্রতীক। ১৯১৩ সালে ‘ঢাকা জাদুঘর’ হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ জাদুঘরে পরিণত হয়েছে। জাদুঘরের তথ্য অনুযায়ী, এখানে বর্তমানে ৯৩ হাজার ২৪৬টি নিবন্ধিত নিদর্শন রয়েছে। তবে চারতলা ভবনের ৪৬টি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে মাত্র ৪ হাজার ১৭৮টি নিদর্শন। অর্থাৎ মোট সংগ্রহের প্রায় ৫ শতাংশ। বাকি বিপুলসংখ্যক নিদর্শন সংরক্ষিত আছে স্টোরে।

রবিবার জাতীয় জাদুঘর পরিদর্শনে আসা বেশ কয়েকজন দর্শনার্থী অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের উপস্থাপনায় আগের তুলনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে যে আলাদা গ্যালারি বা কর্নার ছিল, সেটি এখন আর আগের মতো দেখা যাচ্ছে না।

যাত্রাবাড়ী থেকে পরিবার নিয়ে জাদুঘরে আসা দর্শনার্থী রায়হান কবীর বলেন, তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস কীভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখতে এসেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে ঘিরে আগের মতো আলাদা কর্নার বা গ্যালারি তিনি খুঁজে পাননি। তার ভাষায়, স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা এত বড় হলেও সেই অনুযায়ী উপস্থাপনা চোখে পড়েনি। তিনি বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে একটি ছোট ছবি থাকলেও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ছয় দফা আন্দোলন কিংবা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধুর নেতৃত্বের দৃশ্যমান উপস্থাপনা খুব একটা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের কর্নারে গিয়ে তার মনে হয়েছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ধীরে ধীরে মুছে ফেলার একটি প্রবণতা তৈরি হচ্ছে। এমনকি জাদুঘরের গ্রন্থাগারেও মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ বইয়ের উপস্থিতি আগের মতো চোখে পড়েনি বলে মন্তব্য করেন তিনি।

মিরপুর থেকে আসা শাহনাজ পারভিন মিলা বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের নানা নিদর্শন তার ভালো লেগেছে। তবে বঙ্গবন্ধুকে নিয়ে আলাদা দৃশ্যমান উপস্থাপনা না থাকায় তিনি বিস্মিত হয়েছেন। নওগাঁ থেকে আসা খাজামাত উদ্দিনও একই ধরনের পর্যবেক্ষণের কথা জানান।

দর্শনার্থীদের এই অভিযোগের বিষয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার ও পাবলিক এডুকেশন বিভাগের প্রধান আসমা ফেরদৌসী বলেন, বঙ্গবন্ধু কর্নার সাময়িকভাবে সরানো হয়েছে, তবে কোনো নিদর্শন ধ্বংস করা হয়নি। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার সময় জাদুঘরে হামলা বা ভাঙচুরের আশঙ্কা তৈরি হওয়ায় কিছু প্রতিকৃতি ও ঐতিহাসিক নিদর্শন নিরাপদে সংরক্ষণে সরিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জাদুঘরের দায়িত্ব হচ্ছে ইতিহাস সংরক্ষণ করা। আজ কোনো কিছু গুরুত্বহীন মনে হলেও ভবিষ্যতে সেটি আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই কোনো ঐতিহাসিক নিদর্শন নষ্ট করার সুযোগ নেই।

একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব। তিনি বলেন, ইতিহাসকে একপক্ষীয়ভাবে নয়, গবেষণাভিত্তিক ও ধারাবাহিকভাবে উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে যে ভূমিকা রেখেছেন, ইতিহাসে সেই ভূমিকাকে যথাযথ স্থান দেওয়া হবে। একই সঙ্গে ১৯৭১-পরবর্তী বাংলাদেশের ঘটনাপ্রবাহও তুলে ধরা হবে।

তিনি জানান, জাতীয় জাদুঘরের ১৭ সদস্যের পরিচালনা বোর্ডের অধীনে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে গবেষক, ইতিহাসবিদ ও তাত্ত্বিকরা কাজ করছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বাংলাদেশের সামগ্রিক ইতিহাস নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, শুধু দেয়ালে ছবি টাঙিয়ে রাখার যুগ শেষ হয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম ইতিহাসকে অনুভব করতে চায়। তাই ভিডিওভিত্তিক উপস্থাপনা, শব্দনির্ভর নির্দেশনা এবং ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে ইতিহাস তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক ইতিহাস উপস্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি।

জাতীয় জাদুঘরকে শিশু ও প্রযুক্তিবান্ধব করার উদ্যোগের কথাও জানান তানজিম ওয়াহাব। প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের জন্য বিশেষ দিবস, শিশুদের উপযোগী গাইডেড ট্যুর এবং ডিজিটাল বিষয়বস্তু চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের নেতৃত্বে জাদুঘর ঘুরে দেখবে এবং ইতিহাসকে অভিজ্ঞতার মাধ্যমে জানার সুযোগ পাবে।

জাদুঘরের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী বিনামূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শন করেছে। ২০২৩-২৪ অর্থবছরে টিকিট কেটে দর্শনার্থী এসেছে ৩১ হাজার ৪১১ জন। তবে সাম্প্রতিক সময়ে দর্শনার্থী কিছুটা কমেছে বলে জানিয়েছেন জাদুঘরের কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, জুলাই আন্দোলনের পর থেকে দর্শক কিছুটা কমেছে। আগে তুলনামূলক বেশি মানুষ আসতেন। তিনি আরও জানান, আগে মাঠপর্যায়ে গিয়ে ঐতিহাসিক নিদর্শন সংগ্রহের কাজ সক্রিয়ভাবে চললেও এখন সেই কার্যক্রম কিছুটা কমে গেছে।

জাতীয় জাদুঘরের অন্যতম বড় সমস্যা জায়গার সংকট। ৯৩ হাজারের বেশি নিদর্শন থাকলেও প্রদর্শনের সুযোগ সীমিত। এ কারণে নতুন একটি ১০ তলা অ্যানেক্স ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন মহাপরিচালক। সেখানে নতুন গ্যালারি, সমকালীন শিল্পকলা এবং বিশেষায়িত প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

এদিকে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের জন্য পৃথক ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের প্রস্তুতিও চলছে। আগামী ৫ আগস্টের মধ্যে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তানজিম ওয়াহাব। জাতীয় জাদুঘরেও জুলাই কর্নার রাখা হবে বলেও তিনি জানান।

আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাদুঘর পর্ষদের প্রতিনিধিরাও অংশ নেবেন।

সূত্রঃ কালের কণ্ঠ

এই শাখার আরও খবর

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে হিন্দু ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ১৮ মে- খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক হিন্দু ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ…

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের পর বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা

মেলবোর্ন, ১৮ মে- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংস্থাটি বলছে, পরিস্থিতি এখনই…

কেন হিন্দু নাম ফিরিয়ে আনছে পাকিস্তান?

মেলবোর্ন, ১৮ মে- পাকিস্তানে লাহোরে পুরোনো হিন্দু ও ঐতিহাসিক নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে। পাঞ্জাব প্রাদেশিক সরকারের উদ্যোগে শহরের একাধিক এলাকার নাম…

তনুর পোশাকে আরও একজনের রক্তের অস্তিত্ব: পিবিআই

মেলবোর্ন, ১৮ মে- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার…

ভাড়া বাসা থেকে শিশুসহ একই হিন্দু পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১৮ মে- মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকায় এ…

সময় ফুরিয়ে আসছে, দ্রুত সিদ্ধান্ত নিন: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১৮ মে- ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনের আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে তেহরানকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au