বাংলাদেশ

হাম-সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, দুই মাসে প্রাণ গেল পাঁচ শতাধিক শিশুর

  • 9:11 pm - May 27, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার

মেলবোর্ন, ২৭ মে-  বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম বা মিজলস সংক্রমণ। গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার, যা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে জনস্বাস্থ্য খাতে।

রাজধানী ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে শিশু রোগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পাঁচ বছরের কম বয়সী টিকা না পাওয়া শিশুরা।

ঢাকার বাসিন্দা আল আমিনের চার বছর বয়সী মেয়ে আকিরার মৃত্যু যেন এই সংকটের নির্মম প্রতিচ্ছবি। আল আমিন জানান, মেয়েকে হামের টিকা দেওয়ার জন্য চারবার স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন তারা। কিন্তু কখনো শিশুর সর্দি-কাশির কারণে, আবার কখনো টিকার সংকট দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

গত ৮ মার্চ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় আকিরাকে। পরে শরীরে ফুসকুড়ি, উচ্চ জ্বর ও মুখে ঘা দেখা দেয়। কয়েক দফা হাসপাতালে ভর্তি ও ছাড়পত্রের পর শেষ পর্যন্ত চিকিৎসকরা জানান, সে হাম আক্রান্ত। পরে লাইফ সাপোর্টে নেওয়া হলেও ২৭ দিন পর মারা যায় শিশুটি।

আল আমিনের অভিযোগ, হাসপাতালে হাম রোগীদের আলাদা রাখার ব্যবস্থা না থাকায় তার মেয়ে সেখান থেকেই সংক্রমিত হয়ে থাকতে পারে। তিনি বলেন, “টিকিট কাউন্টার থেকে এক্স-রে রুম পর্যন্ত সর্বত্র হাম রোগী ছিল।”

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে জরুরি টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে।

ইউনিসেফ বলছে, দেশের অনেক হাসপাতাল এখন ধারণক্ষমতার বাইরে চলে গেছে। বিশেষ করে ঢাকা ও কক্সবাজারে জনঘনত্ব বেশি হওয়ায় সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। হাসপাতালগুলোতে শিশুদের আলাদা করা ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি।

বিশেষজ্ঞরা বলছেন, সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। কোভিড মহামারির সময় নিয়মিত টিকাদান কার্যক্রমে বড় ধরনের ঘাটতি তৈরি হয়, যা এখনো পুরোপুরি পূরণ হয়নি। পাশাপাশি সরকার পরিবর্তনের পর টিকা সংগ্রহ প্রক্রিয়ায় বিলম্ব পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে অভিযোগ উঠেছে।

ছবিঃ সংগৃহীত

ইউনিসেফের বাংলাদেশ প্রধান রানা ফ্লাওয়ার্স জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে একাধিক বৈঠকে তারা টিকা সংগ্রহে বিলম্বের ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সহকারী মোহাম্মদ সায়েদুর রহমান দাবি করেছেন, টিকা সংগ্রহ ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে ঈদকে কেন্দ্র করে মানুষের ব্যাপক যাতায়াত নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে শহরে মানুষের চলাচলের কারণে আক্রান্ত শিশুদের মাধ্যমে ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

তবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুত সংক্রমণ কমতে শুরু করবে বলে তারা আশা করছেন। তার ভাষায়, “টিকা দেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আশা করছি আগামী সপ্তাহ থেকে সংক্রমণ কমে আসবে।”

তবু সন্তান হারানো পরিবারগুলোর শোক থামছে না। আল আমিন বলেন, “আজও মেয়ের কবরের পাশে এক ঘণ্টার বেশি কেঁদেছি। আমার ভেতরে এখনো অসংখ্য প্রশ্ন ঘুরছে।”

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au