বাংলাদেশ

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

সম্প্রীতি রক্ষায় পদক্ষেপের আহ্বান

  • 4:34 pm - June 07, 2026
  • পঠিত হয়েছে:২৬৫ বার
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সে নির্মাণাধীন বাংলাদেশের সবচেয়ে বড় রামমূর্তি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

শনিবার (৬ জুন) রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিবৃতিতে সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জরুরি বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর ফলে স্থানীয় জনগণসহ দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন, যেকোনো সময় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে, যা দেশের সামাজিক সম্প্রীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।

বিবৃতিতে সরকার, প্রশাসন, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনতিবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়।

ঐক্য পরিষদ জানায়, আলোচিত মন্দিরটিতে দেব-দেবীর বিগ্রহ ছাড়াও বৃদ্ধাশ্রম, চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে মন্দির কমপ্লেক্সের উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমও চলমান রয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবিঃ সংগৃহীত

এদিকে, মন্দির কমপ্লেক্সে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় রামমূর্তিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, এটি তাদের নিজস্ব জমিতে নির্মিত একটি ধর্মীয় স্থাপনা এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা বিদেশি প্রভাবের সম্পর্ক নেই। তবে বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী ও অনলাইনভিত্তিক কিছু প্ল্যাটফর্ম এই নির্মাণকাজের বিরোধিতা করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে।

রামমূর্তি নির্মাণ নিয়ে বিতর্কের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে। এসব পোস্টে মন্দির কমপ্লেক্সে বৃহৎ আকারের মূর্তি নির্মাণ, বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি, অর্থায়নের উৎস এবং প্রকল্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়। পরে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং নির্মাণকাজের বিরোধিতায় নানা ধরনের প্রচারণা শুরু হয়।

মন্দির কমপ্লেক্সের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণিদাস ওটিএন বাংলাকে জানান, রামমূর্তির নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ জুলাই উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মহল থেকে তাকে সরাসরি ও পরোক্ষভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মন্দির এলাকায় উসকানিমূলক ঘটনা ঘটানোর আশঙ্কার কথাও তাকে জানানো হয়েছে। এ কারণে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান বলেন, একটি গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট কারণে কিংবা হিংসা থেকে এসব অপপ্রচার চালাচ্ছে। পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সাদা পোশাকে নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অনলাইন পর্যবেক্ষণ কার্যক্রমও চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি জানান।

রামমূর্তি নির্মাণের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। ছবিঃ সংগৃহীত

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সে বর্তমানে রামমূর্তি নির্মাণের কাজ চলছে। মন্দির কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কমপ্লেক্সটিতে ইতোমধ্যে প্রায় ৫০ ফুট উচ্চতার শ্রীকৃষ্ণের একটি বিশাল বিগ্রহ রয়েছে, যা দেশের সর্বোচ্চ কৃষ্ণমূর্তি হিসেবে পরিচিত। এছাড়া বৃহৎ আদিযোগী শিবমূর্তি নির্মাণের কাজও চলমান রয়েছে। ভবিষ্যতে পুরো কমপ্লেক্সে ১৪৪টি দেব-দেবীর পৃথক প্রতিমা ও বিভিন্ন ধর্মীয় স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au