বিশ্ব

শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক

প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ইলন মাস্ক

  • 5:36 am - June 13, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার
প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ইলন মাস্ক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুন- যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের বহুল প্রতীক্ষিত তালিকাভুক্তির পর বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। স্পেসএক্সের শেয়ারের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় সময় দুপুরের আগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে স্পেসএক্সের শেয়ার লেনদেন শুরু হয়। প্রথমে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১৫০ ডলার। লেনদেন শুরুর পরপরই শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১ দশমিক ৯৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায়।

এর কিছুক্ষণের মধ্যেই শেয়ারের মূল্য আরও বেড়ে ১৬৪ ডলারে পৌঁছায়, যা প্রাথমিক দামের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। এর ফলে স্পেসএক্স দ্রুত ওয়াল স্ট্রিটের সবচেয়ে মূল্যবান ১০টি প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নেয়। প্রতিষ্ঠানটির বাজারমূল্য বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছে যায়।

বিশ্লেষকদের মতে, এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার ছাড় বা আইপিও। দীর্ঘদিন ধরে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ার পর অবশেষে শেয়ারবাজারে প্রবেশ করল স্পেসএক্স।

টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেজে আয়োজিত এক অনুষ্ঠানে ইলন মাস্ক বলেন, স্পেসএক্সের লক্ষ্য শুধু মহাকাশ ভ্রমণ নয়, বরং মানবজাতিকে বহু গ্রহে বসবাসের সুযোগ তৈরি করে দেওয়া।

ইলন মাস্ক। ছবিঃ সংগৃহীত

তিনি বলেন, “স্পেসএক্স আপনাকে চাঁদে নিয়ে যেতে চায়, মঙ্গলে নিয়ে যেতে চায় এবং শেষ পর্যন্ত তারও বাইরে পৌঁছে দিতে চায়। আমি শুধু কয়েকজন নভোচারীর কথা বলছি না, বরং সাধারণ মানুষের কথাই বলছি।”

প্রতিষ্ঠানটি শুরুতে একটি ক্ষুদ্র মহাকাশ প্রযুক্তি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্যাটেলাইট অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআইও স্পেসএক্সের কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে। এক্সএআইয়ের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও রয়েছে।

প্রতিষ্ঠানের যাত্রার শুরুর দিকের স্মৃতিচারণ করে মাস্ক বলেন, “একটি ছোট গুদামঘর থেকে শুরু হওয়া কোম্পানি একদিন বিশ্বের সবচেয়ে বড় আইপিও নিয়ে শেয়ারবাজারে আসবে, এমনটা বিশ্বাস করা কঠিন। কেউ যদি তখন আমাকে বলত, আমি হয়তো বলতাম কোম্পানিটি ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।”

স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক উপলক্ষে নিউইয়র্কের নাসডাক ভবনের সামনে শতাধিক মানুষ জড়ো হন। টাইমস স্কয়ারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বিশাল নিয়ন সাইনবোর্ডও প্রদর্শন করা হয়, যেখানে ভবিষ্যতের অবকাঠামো নির্মাণের বার্তা তুলে ধরা হয়।

তবে এই সাফল্যের মধ্যেও আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের মতো উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির বিপুল অর্থের প্রয়োজন। রকেট উৎক্ষেপণ ও স্যাটেলাইট ব্যবসা থেকে আয় হলেও তা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যথেষ্ট নয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে স্পেসএক্স প্রায় ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার লোকসান করেছে। ফলে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং মূলধন সংগ্রহ প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, স্পেসএক্সের এই অভিষেক যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চপ্রযুক্তি খাতের নতুন যুগের সূচনা করতে পারে। কারণ স্পেসএক্সের পর আরও কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রপিক ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়োজনীয় প্রাথমিক নথিপত্র জমা দিয়েছে।

তবে স্পেসএক্সের শেয়ারবাজারে প্রবেশ নিয়ে সমালোচনাও রয়েছে। ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কের বিভিন্ন পেনশন তহবিলের কর্মকর্তারা সম্প্রতি কোম্পানির কিছু নীতির সমালোচনা করে চিঠি দেন। তাদের অভিযোগ, বিশেষ ভোটাধিকারসম্পন্ন শেয়ার, শেয়ারহোল্ডারদের আইনি প্রতিকার সীমিত করা এবং কোম্পানির ওপর ইলন মাস্কের অতিরিক্ত নিয়ন্ত্রণ বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

এদিকে আন্তর্জাতিক দারিদ্র্যবিরোধী সংস্থা অক্সফাম আমেরিকা জানিয়েছে, ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ বিশ্বের সবচেয়ে দরিদ্র ৪৬ শতাংশ মানুষের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। সংখ্যার হিসেবে এই জনগোষ্ঠীর পরিমাণ প্রায় ৩৮০ কোটি।

অক্সফাম আমেরিকার অর্থনৈতিক ন্যায়বিচার বিভাগের জ্যেষ্ঠ পরিচালক নাবিল আহমেদ বলেন, “এটি গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন। এমন এক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে এই বিপুল সম্পদ তৈরি হয়েছে, যেখানে নীতিনির্ধারণী সিদ্ধান্তের সুবিধা পেয়েছে অল্প কয়েকজন ব্যক্তি।”

উল্লেখ্য, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ পান ইলন মাস্ক। সম্প্রতি তিনি ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি সফরেও অংশ নেন।

স্পেসএক্সের শেয়ারবাজারে সফল অভিষেক এবং ইলন মাস্কের ট্রিলিয়নিয়ার হওয়া বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি শিল্প এবং সম্পদ বৈষম্য নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একই সঙ্গে এটি মহাকাশ প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগের নতুন এক মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।

এই শাখার আরও খবর

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মেলবোর্ন, ১৩ জুন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে সীমান্তবর্তী…

এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার

মেলবোর্ন, ১৩ জুন- প্রায় এক ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ সেবা। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই…

হঠাৎ বিভ্রাটে অচল ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম

মেলবোর্ন, ১৩ জুন- বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ ব্যাপক বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (বাংলাদেশ সময়) রাত পৌনে ৮টার দিকে সমস্যাটি শুরু…

জাল লাইসেন্সে ১৭ বছরে ৯০০-এর বেশি ফ্লাইট, গ্রেপ্তার এয়ার কানাডার সাবেক পাইলট

মেলবোর্ন, ১৩ জুন- কানাডায় প্রয়োজনীয় উচ্চতর পাইলট লাইসেন্স ছাড়াই প্রায় ১৭ বছর ধরে শত শত দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অভিযোগে এয়ার কানাডার এক সাবেক…

বিদ্যালয়ে না গিয়েই ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা প্রধান শিক্ষক

মেলবোর্ন, ১৩ জুন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলুর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছর ধরে…

বঙ্গবন্ধু- শেখ হাসিনার বই থাকায় রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি আটক করল ছাত্রদল

মেলবোর্ন, ১৩ জুন- রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ব্যক্তি ও কর্মকাণ্ডবিষয়ক বই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au