ইসরায়েলি অভিযানে নিখোঁজ ও আটক ৩৭ লেবানিজ।ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৪ জুন- লেবাননে চলমান সংঘাতের মধ্যে অন্তত ৩৭ জন লেবানিজ নাগরিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক বা অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সাল থেকে শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে নিখোঁজ এসব ব্যক্তির সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের পরিবার-স্বজনরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। তাদের মধ্যে রয়েছেন ১৮ বছর বয়সী তরুণ জাওয়াদ, যিনি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন।
জাওয়াদের মা সাওসান জানান, দক্ষিণ লেবাননে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় শেষবারের মতো ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। সে সময় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সামরিক তৎপরতা অব্যাহত ছিল। এরপর থেকেই জাওয়াদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পর দক্ষিণ লেবাননের অনেক বাসিন্দা নিজেদের গ্রামে ফিরতে শুরু করেন। কিন্তু একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছিল। সংঘাতের সামনের সারির অবস্থানও বারবার পরিবর্তিত হচ্ছিল, ফলে কোন এলাকা নিরাপদ আর কোন এলাকা সামরিক নিয়ন্ত্রণে রয়েছে, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, নিখোঁজদের একটি বড় অংশ ভুলবশত এমন এলাকায় প্রবেশ করেছিলেন, যেখানে ইসরায়েলি বাহিনীর অভিযান চলছিল অথবা যেসব এলাকা তাদের নিয়ন্ত্রণে ছিল। পরে তাদের আটক করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এসব ব্যক্তির অবস্থান, স্বাস্থ্যগত অবস্থা কিংবা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নিখোঁজদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, স্বজনদের ভাগ্য সম্পর্কে তারা কোনো নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন না। অনেক পরিবার বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হলেও এখনো সন্তোষজনক কোনো উত্তর মেলেনি।
দক্ষিণ লেবাননের বিভিন্ন মানবাধিকারকর্মী বলছেন, যুদ্ধ ও সামরিক অভিযানের মধ্যে সাধারণ মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আটক বা নিখোঁজ ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করা হয় এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া যায়।
এদিকে লেবাননের বিভিন্ন এলাকায় নিখোঁজদের পরিবারের সদস্যরা স্বজনদের সন্ধান এবং নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন। দীর্ঘ সময় ধরে কোনো তথ্য না পাওয়ায় অনেক পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী অঞ্চলে চলমান সংঘাত ও সামরিক অভিযানের কারণে বেসামরিক মানুষের নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে। একই সঙ্গে নিখোঁজদের বিষয়ে স্বচ্ছ তথ্যের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বর্তমানে ৩৭ জন লেবানিজ নাগরিকের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা দেশটিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সুত্রঃ আল জাজিরা