খেলা

ইতিহাস গড়ে  প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

  • 2:06 pm - June 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা।

মেলবোর্ন, ২৯ জুন- বিশ্বকাপে ইতিহাস গড়েছে কানাডা। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্টিভেন ইউস্টাকিওর দুর্দান্ত গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশটি। নাটকীয় এই জয়ে প্রথমবার নকআউট পর্ব খেলতে নেমেই শেষ আটে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল কানাডা।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর প্রথম লড়াই। একই সঙ্গে এটি ছিল কানাডা ও দক্ষিণ আফ্রিকা, দুই দলেরই বিশ্বকাপে প্রথম নকআউট ম্যাচ। এর আগে একাধিকবার বিশ্বকাপে অংশ নিলেও কোনো দলই গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। এবার প্রথমবার নকআউটে উঠে দুই দলই নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে কানাডা। বলের দখলে খুব বেশি এগিয়ে না থাকলেও আক্রমণে ছিল তারা অনেক বেশি কার্যকর। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ তৈরি করেছিল জেসি মার্শের দল।

কর্নার থেকে তৈরি হওয়া কয়েকটি সুযোগ দক্ষিণ আফ্রিকার দৃঢ় রক্ষণভাগ প্রতিহত করে। ৪৪তম মিনিটে ময়জে বমবিতোর হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন অব্রে মদিবা। ফিরতি বলে তেজন বুকানানের জোরালো শটও দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।

বিরতির ঠিক আগে রিচি লারিয়াকে প্রতিপক্ষের বক্সে ফেলে দেওয়ার ঘটনায় পেনাল্টির জোরালো দাবি তোলে কানাডা। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পরও পেনাল্টি না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কানাডার প্রধান কোচ জেসি মার্শ। মাঠ ছাড়ার সময়ও রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই নিজেদের রক্ষণভাগ শক্ত করে অতিরিক্ত সময়ের দিকে ম্যাচ নিয়ে যাওয়ার কৌশল নেয়। অধিকাংশ খেলোয়াড় নিজেদের অর্ধে রেখে কানাডার একের পর এক আক্রমণ ঠেকানোর চেষ্টা করে তারা।

এ সময় কানাডার তানি ওলুওয়াসেয়ি একবার একা গোলরক্ষকের মুখোমুখি হলেও উইলিয়ামস অসাধারণ দক্ষতায় গোল রক্ষা করেন। ফিরতি বলে জনাথন ডেভিডের শটও এমবেকেজেলি এমবোকাজির গুরুত্বপূর্ণ হস্তক্ষেপে প্রতিহত হয়।

মাঝপথে চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে নামেন কানাডার তারকা আলফন্সো ডেভিস। তার উপস্থিতিতে কানাডার আক্রমণে কিছুটা গতি এলেও দীর্ঘ সময় গোলের দেখা পায়নি দলটি।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর রেফারি পাঁচ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন। তখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই আসে কানাডার বহু প্রতীক্ষিত মুহূর্ত।

অ্যালিস্টার জনস্টনের ক্রস দক্ষিণ আফ্রিকার এক ডিফেন্ডার হেড করে বক্সের বাইরে পাঠিয়ে দিলে সেখানে অপেক্ষায় ছিলেন স্টিভেন ইউস্টাকিও। বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে কোনো সময় নষ্ট না করে নিচু শটে বল জড়িয়ে দেন জালে। ডান দিকে ঝাঁপ দিয়েও সেই শট ঠেকাতে পারেননি গোলরক্ষক উইলিয়ামস। পুরো ম্যাচে পাঁচটি দুর্দান্ত সেভ করলেও শেষ মুহূর্তে দলকে আর রক্ষা করতে পারেননি তিনি।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল কানাডা। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আগামী ৪ জুলাই তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডস অথবা মরক্কোর।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au