চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১০ জুলাই- চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হলেও আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জিনজিয়াং শহরের একটি বহুতল কারখানা ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এ সময় কয়েকজন মানুষ ভবনের ছাদে আটকা পড়ে সাহায্যের অপেক্ষায় ছিলেন। পরে উদ্ধারকারী দল তাদের নিরাপদে সরিয়ে নেয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং এর জন্য দায়ীদের অবশ্যই কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশজুড়ে শিল্পকারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জিনজিয়াং শহরের ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শত শত দমকলকর্মী ও উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালে কারখানা থেকে দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে আগুনে আহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ওই স্থানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ সংরক্ষণ করা ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে। পাশাপাশি তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে পরিচিত। বিশ্বের মোট স্পোর্টস জুতার প্রায় ২০ শতাংশ এই শহরের কারখানাগুলোতে উৎপাদিত হয়। ফলে এ দুর্ঘটনা শিল্পখাতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর থেকে চীনের বিভিন্ন বহুতল ভবন ও শিল্পকারখানায় অগ্নিনিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির কর্তৃপক্ষ। এবারের অগ্নিকাণ্ডের পর সেই নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।