বিশ্ব

ভারত ভিত্তিক অপরাধ চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-কানাডার যৌথ অভিযান, গ্রেপ্তার ২৪

  • 3:08 pm - July 10, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেপ্তারের ঘোষণা দিতে লস অ্যাঞ্জেলেসে সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্র ও কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তারা। পর্দায় দেখানো হচ্ছে গ্রেপ্তার ব্যক্তিদের ছবি।

মেলবোর্ন, ১০ জুলাই- ভারতভিত্তিক তিনটি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে উত্তর আমেরিকা ও ইউরোপজুড়ে দীর্ঘমেয়াদি অভিযান চালিয়ে ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভাড়াটে খুন, অপহরণ, চাঁদাবাজি, মাদক পাচার এবং সংঘবদ্ধ সহিংস কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তিনটি পৃথক ফেডারেল অভিযোগপত্রে এসব তথ্য প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং বিভিন্ন আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে পরিচালিত দীর্ঘমেয়াদি তদন্ত ‘অপারেশন হার্ড বল’-এর অংশ হিসেবে এই অভিযোগ আনা হয়েছে।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩৩ বছর বয়সী লরেন্স বিষ্ণোই এবং ৩২ বছর বয়সী সতীন্দরজিৎ সিং, যিনি গোল্ডি ব্রার নামে পরিচিত। তাদের বিরুদ্ধে ২০২৩ সালে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।

৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে ২০২৩ সালের জুন মাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরের একটি গুরুদোয়ারার বাইরে মুখোশধারী দুই বন্দুকধারী গুলি করে হত্যা করে। মার্কিন কৌঁসুলিদের দাবি, বিষ্ণোই হামলাকারীদের একজনকে নিজ্জারের ছবি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ঠিকানা সরবরাহ করেছিলেন।

বর্তমানে লরেন্স বিষ্ণোই ভারতের একটি কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে গোল্ডি ব্রার এখনো পলাতক এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি বিল এসাইলি বলেছেন, আন্তঃদেশীয় অপরাধী চক্রগুলো ভয়, সহিংসতা ও মাদকের বিস্তার ঘটাচ্ছে। এসব অপরাধী যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না।

অভিযোগপত্রে বলা হয়েছে, এসব অপরাধী চক্র উত্তর আমেরিকাজুড়ে বিপুল পরিমাণ কোকেন ও মেথামফেটামিন পাচার করেছে। পাশাপাশি পরিকল্পিত হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণসহ নানা ধরনের সহিংস অপরাধ পরিচালনা করেছে।

অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ৪২টি তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়। এ সময় প্রায় এক হাজার কেজি কোকেন, এক কেজি হেরোইন, প্রায় ৪০ হাজার মার্কিন ডলার এবং এক ডজন আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

অন্য একটি অভিযোগপত্রে কানাডার নাগরিক রভিন্দর সিং ধান্দারের নেতৃত্বে পরিচালিত একটি মাদক পাচার চক্রের বিষয়ও তুলে ধরা হয়েছে। কৌঁসুলিদের অভিযোগ, তিনি বাণিজ্যিক পণ্যবাহী ট্রাক ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় শত শত কেজি কোকেন ও মেথামফেটামিন পাচার করতেন। এ ঘটনায় ব্রিটিশ কলাম্বিয়ায় গ্রেপ্তার হওয়া তিন কানাডীয় নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কানাডার কর্মকর্তারা এই অভিযানকে আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশটির বিচারমন্ত্রী শন ফ্রেজার বলেন, সংঘবদ্ধ অপরাধ দমনে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং কানাডার বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

বিল এসাইলি আরও বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও এশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো যৌথভাবে এসব অপরাধী নেটওয়ার্ককে ভেঙে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কানাডাভিত্তিক ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন এই অভিযানে সন্তোষ প্রকাশ করলেও ভারত সরকারের এজেন্টদের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বলে মন্তব্য করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ তোলে কানাডা। তবে ভারত শুরু থেকেই সেই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে। ওই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় এবং উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে।

সাম্প্রতিক এই গ্রেপ্তারের পর বিভিন্ন শিখ সংগঠন বিদেশি রাষ্ট্রীয় সংস্থার সম্ভাব্য ভূমিকা নিয়ে আরও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। টরন্টোভিত্তিক শিখ ফেডারেশন বলেছে, তদন্তকারীরা বিদেশি রাষ্ট্রীয় কোনো যোগসূত্রের প্রমাণ পেয়েছেন কি না এবং এ ধরনের অপরাধী নেটওয়ার্ক ভেঙে দিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।

এই শাখার আরও খবর

অন্তঃসত্ত্বা হলেন সরকারি শিশু পরিবারের কিশোরী

মেলবোর্ন, ১১ জুলাই- ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) এক কিশোরীর (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় একমাত্র আসামিকে গ্রেপ্তার…

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

মেলবোর্ন, ১১ জুলাই- সাজাপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন মেনে চলতে দেশের সব…

বিশ্বজুড়ে প্রতারণাবিরোধী অভিযানে ৫ হাজার ৮১১ জন গ্রেপ্তার, জব্দ প্রায় ২৯৩ মিলিয়ন ডলারের অবৈধ সম্পদ

মেলবোর্ন, ১০ জুলাই- বিশ্বব্যাপী অনলাইন প্রতারণা ও অর্থপাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত সমন্বিত অভিযানে ৫ হাজার ৮১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২৯ কোটি…

কক্সবাজারে বন্যায় দুই শিশুর মৃত্যু, পানিবন্দি তিন লক্ষাধিক মানুষ

মেলবোর্ন, ১০ জুলাই- টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক…

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৬

মেলবোর্ন, ১০ জুলাই- নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে…

বঙ্গবন্ধু এক শক্তির নাম: সময়ের দাবি “আন্তর্জাতিক বঙ্গবন্ধু মেডেল”

মেলবোর্ন, ১০ জুলাই- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের এক মহান নেতা ছিলেন, আছেন, থাকবেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। গত এক যুগ ধরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au