অস্ট্রেলিয়া

অ্যালবানিজের ‘মেলন’ অঙ্গভঙ্গি, বিতর্কে গুরুত্ব দিচ্ছে না জাপান

  • 8:17 pm - August 12, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
জাপানের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দুটি ‘ক্রাউন মেলন’ উপহার দিয়েছেন, যার প্রতিটির দাম কয়েকশ ডলার পর্যন্ত হতে পারে।ফাইল ছবি

মেলবোর্ন, ১২ আগষ্ট: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের বিতর্কিত হাতের অঙ্গভঙ্গি নিয়ে অবশেষে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। তবে বিষয়টিকে বড় করে দেখছে না দেশটির সরকার।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কাজুহিরো সুজুকি বলেছেন, অ্যালবানিজের মন্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জাপান সরকার অবগত রয়েছে। তবে অস্ট্রেলীয় পক্ষ তাদের জানিয়েছে, প্রধানমন্ত্রী অ্যালবানিজ যেভাবে মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে, তিনি আসলে সেই অর্থে কথাগুলো বলেননি।

এক বিবৃতিতে সুজুকি বলেন, অ্যালবানিজ গত মে মাসে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির সফর উপলক্ষে যে নৈশভোজের আয়োজন করেছিলেন, সেটি ছিল অত্যন্ত স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। ওই নৈশভোজ দুই দেশের নেতার মধ্যে ব্যক্তিগত আস্থা আরও জোরদারে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

কী নিয়ে বিতর্ক

বিতর্কের সূত্রপাত গত মাসে অ্যালবানিজের একটি পডকাস্ট সাক্ষাৎকারকে ঘিরে। সেখানে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির দেওয়া দুটি ‘ক্রাউন মেলন’ বা বিশেষ ধরনের তরমুজের কথা বলতে গিয়ে অ্যালবানিজ হাতের এমন কিছু অঙ্গভঙ্গি করেন, যা নিয়ে অস্ট্রেলিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিরোধী জোট অ্যালবানিজের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তার মন্ত্রিসভার সদস্যরাও বলছেন, অ্যালবানিজের অঙ্গভঙ্গি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

বিষয়টি আরও জটিল হয় যখন জাপান সরকারের একটি অভ্যন্তরীণ নথি গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই নথিতে বলা হয়েছিল, অ্যালবানিজের মন্তব্যে কোনো ‘অসৎ উদ্দেশ্য’ ছিল বলে জাপান মনে করে না। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বিষয়টি ‘অতিরঞ্জিতভাবে’ তুলে ধরা হয়েছে বলেও নথিতে উল্লেখ করা হয়।

গোপন নথি ফাঁস নিয়ে তদন্তের দাবি

নথিটি প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়ার বিরোধী দলের লিবারেল সিনেটর জেমস প্যাটারসন অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বা এএফপির কাছে বিষয়টি তদন্তের জন্য আবেদন করেছেন।

তার অভিযোগ, জাপান সরকারের পাঠানো গোপনীয় চিঠিপত্র বেআইনিভাবে ফাঁস করা হয়েছে এবং তা অ্যালবানিজ সরকারকে রাজনৈতিকভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

প্যাটারসন বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার গোপন যোগাযোগের ওপর আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিত্ররা যেন নিশ্চিত থাকে যে অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগ করা গোপন তথ্য পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হবে না, সেটি নিশ্চিত করা প্রয়োজন।

এএফপি জানিয়েছে, তারা অভিযোগটি পেয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।

সরকার অবশ্য বিরোধীদের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে উড়িয়ে দিয়েছে।

বড় বিষয়গুলোতে মনোযোগ দেওয়া উচিত’

বিতর্কের মধ্যেই অ্যালবানিজের মন্ত্রিসভার সদস্যরা তাকে সমর্থন করে যাচ্ছেন।

আবাসনমন্ত্রী ক্লেয়ার ও’নিল বিরোধীদের সমালোচনা করে বলেন, জীবনযাত্রার ব্যয় কমানোসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার যখন কাজ করছে, তখন এ ধরনের বিতর্ক অপ্রয়োজনীয়।

তিনি বলেন, পডকাস্টে করা মন্তব্য নিয়ে বিষয়টি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কাছে পাঠানো ‘হাস্যকর’ এবং শুরু থেকেই এটি ছিল একটি রাজনৈতিক কৌশল।

সামাজিক সেবামন্ত্রী তানিয়া প্লিবারসেকও বিষয়টি নিয়ে আর মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সরকার পারিবারিক ও গার্হস্থ্য সহিংসতা এবং গৃহহীন নারীদের সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে। তাই ‘বড় বিষয়গুলোতে’ মনোযোগ দেওয়া উচিত।

আমি করলে তো দাঙ্গা বেঁধে যেত’

অ্যালবানিজের অঙ্গভঙ্গির সমালোচনায় সরব হয়েছেন ওয়ান নেশন দলের এমপি বার্নাবি জয়েসও।

তিনি বলেন, অ্যালবানিজের ওই অঙ্গভঙ্গি দেখে যে কেউ এর ভিন্ন অর্থ বুঝতে পারেন। একই অঙ্গভঙ্গি যদি কোনো নারী রাজনীতিক, বিশেষ করে তানিয়া প্লিবারসেক বা পেনি ওংয়ের সামনে করা হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো বলেও মন্তব্য করেন তিনি।

জয়েস বলেন, তিনি নিজে এমন অঙ্গভঙ্গি করলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হতো। তার মতে, অ্যালবানিজের উচিত নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এবং জাপানের প্রধানমন্ত্রীর কাছেও বিষয়টি পরিষ্কার করা।

অ্যালবানিজের অবস্থান অপরিবর্তিত

গতকাল পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বেও অ্যালবানিজ ক্ষমা চাওয়ার দাবি এড়িয়ে যান। একই সঙ্গে নারীদের নিয়ে তিনি অশালীন বা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি অস্ট্রেলিয়া ও তার নিজের বন্ধু। দুই দেশের সরকার একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে একসঙ্গে কাজ করছে।

এদিকে অস্ট্রেলিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও জাপানে এখনো এটি বড় কোনো রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়নি। বুধবারের বক্তব্যই এ বিষয়ে জাপান সরকারের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

বিতর্কটি শুরু হয় জাপানের সাবেক রাষ্ট্রদূত শিনগো ইয়ামাগামি অ্যালবানিজের অঙ্গভঙ্গিকে জাপানের নারী প্রধানমন্ত্রীর শারীরিক গঠন নিয়ে রসিকতা হিসেবে ব্যাখ্যা করার পর। ইয়ামাগামির সঙ্গে অস্ট্রেলিয়ার লেবার সরকারের সম্পর্কও তার রাষ্ট্রদূত থাকার সময় বেশ টানাপোড়েনপূর্ণ ছিল।

সূত্র-এবিসি নিউজ

এই শাখার আরও খবর

‘মেন ইন প্রপার্টি অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ফাস্ট সেটেলের মোহাম্মদ শেখ

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার সম্পত্তি ও কনভেয়ান্সিং খাতে উল্লেখযোগ্য পেশাগত স্বীকৃতি অর্জন করেছেন ফাস্ট সেটেল কনভেয়ান্সিং অ্যান্ড প্রপার্টি ল-এর প্রিন্সিপাল মোহাম্মদ শেখ। অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব কনভেয়ান্সার্স ভিক্টোরিয়ার…

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

মেলবোর্ন, ১২ আগষ্ট: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর…

বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার আর নেই

মেলবোর্ন, ১২আগষ্ট- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার মারা গেছেন।…

সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১২ আগষ্ট:  সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী…

সাভারে ফের প্রেশার কুকার ঘিরে আতঙ্ক, ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

মেলবোর্ন, ১২ আগষ্ট: সাভারে ফের বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি…

মাদ্রাসায় যৌন নির্যাতন নিয়ে উদ্বেগ, পরিসংখ্যানের ঘাটতিতে প্রকৃত চিত্র নিয়ে ভিন্নমত

মেলবোর্ন, ১২ আগষ্ট: বাংলাদেশে মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী, বিশেষ করে শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠন, আইনজীবী, গবেষক ও অধিকারকর্মীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au